খেলাপি ঋণে মন্ত্রীরাও উদ্বিগ্ন!
পরিকল্পনা কমিশনের বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা
খেলাপি ঋণের পরিস্থিতি যে উদ্বেগজনক, এবার তা স্বীকার করলেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁদের মতে, সুদের হার বেশি হওয়ায় বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের ঋণ বেড়ে যাওয়ার কারণে কিছুদিন পরপর সরকারি মালিকানাধীন ব্যাংকে নতুন করে অর্থায়ন করতে হচ্ছে।
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদি মূল্যায়ন প্রতিবেদনের ওপর এক আলোচনা সভায় এ দুই মন্ত্রীর বক্তব্যকে সর্মথন করেন দেশের অন্যতম বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। মন্ত্রী ও অর্থনীতিবিদদের এমন সমালোচনায় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে কিছুটা বিব্রত হতে দেখা যায়।
পরিকল্পনা কমিশন গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে। এতে খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪৮ হাজার ১৭২ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৭ দশমিক ৯৮ শতাংশ। তিন মাস পরে, অর্থাৎ জুন মাসে এসে দেখা যায় যে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৪৪ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ১০ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সময়ে এ ধরনের ঋণ বেড়েছে তিন হাজার ১৭২ কোটি টাকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হল-মার্ক, বিসমিল্লাহর মতো কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণ পরিস্থিতির অবনতি হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়ে বলেন, আগে ছয় মাসের হিসাব ধরে খেলাপি ঋণের হার নির্ধারণ করা হতো। এখন তিন মাসের হিসাব ধরে এই হার নির্ধারণ করা হয়ে থাকে। তাই আগের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে।
অর্থমন্ত্রী মুহিত তাঁর বক্তব্যের একপর্যায়ে বলেন, খেলাপি ঋণ পরিস্থিতি আসলেই খারাপ অবস্থায় রয়েছে। এই ঋণ ব্যবস্থাপনার পারফরম্যান্স ভালো নয়। কীভাবে খেলাপি ঋণের পরিমাণ কমানো যায়, তা নিয়ে সভায় উপস্থিত আলোচকদের কাছ থেকে পরামর্শ চান তিনি।
অবশ্য অর্থমন্ত্রী এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য নিজেই একটি উপায় বাতলে দিয়েছেন। তাঁর মতে, ঋণ প্রস্তাবের বিপরীতে আসা প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই-বাছাই কার্যক্রম শক্তিশালী করা দরকার।
অন্যদিকে পরিকল্পনামন্ত্রী মনে করেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে সুদের হার এক অঙ্কের ঘরে নামানো যাচ্ছে না। তাঁর মতে, সুদের হার ১৮ শতাংশ হলে কেউ ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে খেলাপি ঋণ বাড়বেই।
কিছুটা আক্ষেপ নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, খেলাপি ঋণের ভারে ন্যুব্জ সরকারি ব্যাংকগুলোকে বাঁচাতে কিছুদিন পর পর কয়েক হাজার কোটি টাকা করে পুনঃ অর্থায়ন করতে হয়। বছরের পর বছর এভাবে চলতে থাকলে বিসমিল্লাহ ও হল-মার্ক সৃষ্টি হবেই।
সরকারি ব্যাংকগুলোর সংস্কারের পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এগুলোর ৪৯ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধূরী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোয় রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর পরামর্শ দেন।
সুশাসনের অভাবে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে বলে মত দেন মোস্তাফিজুর রহমান। তাঁর মতে, আন্তর্জাতিকভাবে সহনীয় খেলাপি ঋণের মাত্রা হলো ২-৩ শতাংশ। অথচ বাংলাদেশে তা ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও খেলাপি ঋণের হার মাত্র ২ শতাংশ।
একজন ব্যবসায়ীকে যদি ১৩-১৪ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হয়, তাহলে ওই ব্যবসায়ীকে কত লাভ করতে হবে? এমন প্রশ্ন তোলেন মোস্তাফিজ।
এদিকে হল-মার্ক, বিসমিল্লাহ কেলেঙ্কারির মতো ঘটনা ঘটার পর ব্যাংকগুলোতে তদারকি আরও বাড়ানো হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, তদারকি বাড়ানোর পর এমন ঘটনা আর ঘটেনি। ভবিষ্যতেও ঘটবে না।
মূল আলোচনা: পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) মধ্যমেয়াদি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন সরকারের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।
প্রতিবেদনে বলা হয়, প্রথম তিন অর্থবছরে (২০১০-১১ থেকে ২০১২-১৩) গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। আর প্রক্ষেপিত গড় প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ।
অনুষ্ঠানে কর্মসংস্থান নির্ণয় পদ্ধতির সমালোচনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এ পরিকল্পনার আলোকে কর্মসংস্থান যা হয়েছে, তা সন্তোষজনক নয়। কর্মসংস্থানের বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে। এখন যে পদ্ধতিতে কর্মসংস্থানের হিসাব করা হয়, তা মানসম্পন্ন নয়। এটি একটি ‘বোগাস’ পদ্ধতি।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সাধারণত জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশ হলে দেশের অভ্যন্তরে প্রায় আড়াই লাখ লোকের কর্মসংস্থান হয়। এ হিসাব ধরেই পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়নে কর্মসংস্থানের তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশে যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তা মানসম্পন্ন বলেই মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি মনে করেন, যে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে অসমতা বাড়েনি।