বাংলাদেশ উন্নয়ন ফোরাম শুরু হচ্ছে আজ। এই ফোরাম সামনে রেখে বাংলাদেশের উন্নয়ন-গন্তব্য নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান। সাক্ষাত্কার নিয়েছেন আসজাদুল কিবরিয়া।প্রথম আলো: বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার এডিবি বরাবরই আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা বা সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকে কেন?এস হাফিজ রহমান: গোড়াপত্তনের সময়ই আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ উত্সাহিত করতে কাজ করাকে এডিবির অন্যতম কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর তাই এশিয়ার বিভিন্ন অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য এডিবি বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। তবে পূর্ব এশিয়ায় বা মধ্য এশিয়ায় এই আঞ্চলিক সম্পৃক্ততা যতটা জোরালো হয়েছে, দক্ষিণ এশিয়ায় ততটা হয়নি। এখন বিশ্বজুড়ে একটা পরিবর্তন আসছে। চীন ও ভারতের অর্থনৈতিক অগ্রগতি আগামী দিনগুলোয় এশিয়াকে বিশ্ব অর্থনীতির প্রধান কেন্দ্রে পরিণত করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশকেও এই সুযোগ নিতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে। প্রথম আলো: বাংলাদেশের সুফল পাওয়ার বিষয়টি একটু সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করবেন কি?এস হাফিজ রহমান: বাংলাদেশের ক্ষেত্রে উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টি আমরা প্রতিবেশী ভারত এবং নেপাল ও ভুটানকে মিলিয়ে চিন্তা করতে পারি। যদি এই চার দেশের পরস্পরের মধ্যে যোগাযোগ অর্থবহভাবে বাড়াতে হয় এবং তা থেকে বাংলাদেশকে সুফল পেতে হয়, তাহলে সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামো আরও উন্নত করতে হবে। এভাবে একটি অবকাঠামো-সেবার বাজার তৈরি করা সম্ভব। একটি উদাহরণ দিয়ে বলা যাক। বাংলাদেশের আখাউড়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্যে সড়ক ও রেল-যোগাযোগ উন্নত হলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পাবে। আর বাংলাদেশকে তখন বন্দরের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে। ফলে বন্দরের গতিশীলতা বাড়বে। আর বন্দরের এই গতিশীলতা আমাদের দেশীয় বিনিয়োগ তো বটেই, বিদেশি বিনিয়োগ বাড়াতেও ভূমিকা রাখবে। অবকাঠামো শক্তিশালী না হলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই কিন্তু বাড়ে না। তাই অর্থনৈতিক অগ্রগতিও কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারে না। আবার নেপাল ও ভুটানের জন্য বাংলাদেশের মংলা বন্দর ব্যবহারের সুযোগ পাওয়া খুব গুরুত্বপূর্ণ। এতে দেশ দুটির বাণিজ্যিক পরিবহন ব্যয় অনেক কমে যাবে, বাণিজ্যে লাভ বাড়বে। এ জন্য দেশ দুটির সঙ্গে সড়ক-যোগাযোগ প্রয়োজন। এটা আবার হতে হবে ভারতের ভূখণ্ড দিয়ে। এখানেই চলে আসছে আঞ্চলিক সহযোগিতার অপরিহার্যতা।প্রথম আলো: এবারের বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকটিকে আপনারা কীভাবে দেখছেন? এখানে বাংলাদেশের কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন?এস হাফিজ রহমান: বাংলাদেশ সরকার ইতিমধ্যে অগ্রাধিকারের বিষয়গুলো ঠিক করেছে, যার সঙ্গে আমাদেরও মোটামুটি সহমত আছে। তবে এ মুহূর্তে বা তাত্ক্ষণিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বিদ্যুত্ ও পরিবহনের ক্ষেত্রে। এই দুই খাতে বিনিয়োগ করতে হবে এবং মান উন্নয়ন ঘটাতে হবে। বিদ্যুত্ ঠিক না হলে উত্পাদনসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনোই অগ্রগতি আনা যাবে না। এ কথা পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য। এ দুটো বিষয় দ্রুত ঠিক করতে না পারলে সাত-আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। দীর্ঘ মেয়াদে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর সহায়তা কীভাবে পাওয়া যায়, তা নিয়ে এখনই আলাপ-আলোচনা শুরু করতে হবে। বিষয়টা নতুন। তাই দাতাদেরও বুঝে নিতে হবে যে কীভাবে তারা কাজ করবে। আর মধ্যমেয়াদে দারিদ্র্য বিমোচনের বিষয়টি তো বরাবরই গুরুত্বপূর্ণ।প্রথম আলো: বাংলাদেশের উন্নয়ন যাত্রা ১০-২০ বছর পর কোন গন্তব্যে গিয়ে পৌঁছবে বলে আপনি মনে করেন?এস হাফিজুর রহমান: এ কথা স্বীকার করতেই হবে যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অনেক হয়েছে। কৃষি খাত শক্তিশালী হয়েছে, দারিদ্র্য কমেছে, উদ্যোক্তারা অনেক বেশি প্রতিযোগিতাক্ষম হয়েছে, সেবা খাতের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এগুলো আর উল্টো পথে ঘুরে যাবে না। তবে সাফল্যের সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জও আসে, যার অনেকগুলোই বাংলাদেশ এখনো মোকাবিলা করতে পারেনি। সেগুলো মোকাবিলা করতে হবে। সর্বোপরি আমাদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে জোর দিতে হবে। আবার পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এটা প্রণয়ন করলেই চলবে না, বাস্তবায়নও করতে হবে। আমাদের বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলে ১০ বছর পর বাংলাদেশ থাইল্যান্ড বা মালয়েশিয়া হতে পারবে। না পারার কোনো কারণ নেই।