পরিকল্পিত উপায়ে জাকাত সংগ্রহ ও বিতরণের আহ্বান
জাকাতের অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে বণ্টন করা সম্ভব হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব। সে কারণে পরিকল্পিত উপায়ে জাকাত সংগ্রহ ও বিতরণের ওপর গুরুত্ব দিতে হবে।
জাকাত নিয়ে আয়োজিত এক সেমিনারে গত শনিবার বক্তারা এ কথা বলেছেন। যৌথভাবে সেমিনারের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেএম)। ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ঢাকা চেম্বার সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, দারিদ্র্য বিমোচন, সমাজের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে জাকাত ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
সেমিনারে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিজেএমের প্রধান নির্বাহী আইয়ুব মিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক মাওলানা মোখতার হোসেন বক্তব্য দেন।