পরিচালক অপসারণে শাহজালাল ব্যাংকের ইজিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মাদ সোলায়মানকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়েছে। আগামী ১১ আগস্ট রাজধানীর একটি হোটেলে এই ইজিএম অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শাহজালাল ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১২তম ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। সভার রেজুলেশনে ব্যাংকের পরিচালক মোহাম্মাদ সোলায়মানকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার বিষয় রয়েছে। ১১ আগস্ট বেলা ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলের বল রুমে ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১৬ জুলাই।
গত ১৩ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবিলী রোড শাখার বর্তমান ব্যবস্থাপক রাশেদ সরওয়ার বাদী হয়ে মোহাম্মাদ সোলায়মানের বিরুদ্ধে একটি মামলা করেন। ক্ষমতার অপব্যবহার করে এস কে স্টিল নামক একটি কোম্পানিকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) শিডিউলভুক্ত হয়। ২৫ জুন ঢাকা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।
আরও জানতে পড়ুন: