পরিচালক নির্বাচনে বিএসইসির অনুমোদন লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনাপত্তিপত্র-সংক্রান্ত বিএসইসির নির্দেশনা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে নির্বাচনে অংশ নিতে আর বিএসইসির অনাপত্তিপত্রের প্রয়োজন হবে না।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টক এক্সচেঞ্জের সদস্যদের তাঁদের পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন দাখিলের পূর্বে কমিশনের অনাপত্তিপত্র গ্রহণ করার জন্য লেটার অব ইনটেন্ড (এলওআই) দাখিল করার বাধ্যবাধকতা-সংক্রান্ত নির্দেশনা আজকের সভায় বাতিল করা হয়েছে।’ এ বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।বিএসইসি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি এক নির্দেশনার মাধ্যমে স্টক এক্সচেঞ্জের সদস্যদের পরিচালক নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিলের পূর্বে কমিশনের ছাড়পত্র অথবা অনাপত্তিপত্র গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়। এ দিকে আজকের সভায় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি তিন কোটি শেয়ার ছেড়ে ৮৪ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ১৮ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। উত্তোলিত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি তার মেয়াদি ঋণ পরিশোধ করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৪৭ টাকা।এ ছাড়া আজকের সভায়, নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন লিমিটেড ও ঢাকা ফিসারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে জরিমানা করেছে বিএসইসি।অন্যদিকে নিয়ম ভঙ্গ করায় সালতা ক্যাপিটাল লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।