বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে ৭৭ জন পরিচালক পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যবসায়ীদের পণ্যভিত্তিক সংগঠন বা অ্যাসোসিয়েশন ও এলাকাভিত্তিক সংগঠন বা চেম্বার থেকে ১৮ জন করে মোট ৩৬ জন ব্যবসায়ী এফবিসিসিআইয়ে পরিচালক হতে পারবেন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। ১৬ মে সভাপতি ও দুই সহসভাপতি পদে নির্বাচন হবে। এতে ভোট দেবেন পরিচালকেরা। আর পরিচালক পদে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ব্যবসায়ীরা ভোট দেওয়ার সুযোগ পান। এ বছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ জন।
এবার এফবিসিসিআইয়ে পরিচালক সংখ্যা ৮ জন বেড়েছে। ফলে মোট পরিচালক হবেন ৬০ জন। এর মধ্যে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১২ জন করে ২৪ জন মনোনীত পরিচালক হবেন। আর ১৮টি করে ৩৬টি পদে নির্বাচন হবে।
নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত একজন ব্যবসায়ী প্রার্থী হিসেবে প্রচার করছেন। তিনি হলেন বর্তমান প্রথম সহসভাপতি তৈরি পোশাক খাতের ব্যবসায়ী মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।
গত ২৯ জানুয়ারি এফবিসিসিআইয়ের বোর্ডসভায় আলী আশরাফকে প্রধান করে নির্বাচনী বোর্ড গঠন হয়। ২৩ এপ্রিল বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হবে। প্রার্থী তালিকা নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে ২৭ ও ২৯ এপ্রিল শুনানি শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মে।