পরিচালকদের রিটের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মানববন্ধন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে পরিচালকদের রিটের প্রতিবাদে আজ মানববন্ধন করেছেন কিছু বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ডিএসইর মূল ভবনের সামনে বিনিয়োগকারীরা মানববন্ধন করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অবিলম্বে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনা পরিপালনের আহ্বান জানান। অন্যথায়, সংশ্লিষ্ট কোম্পানির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর দাবি জানান তাঁরা। পরিচালকদের এই রিটের ফলে বাজারে একধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে সংগঠনটির নেতারা বক্তব্য দেন।