পরিচালকদের শেয়ার কেনার সময় বাড়ানো হবে না: রকিবুর
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের আগামী ২২ মের মধ্যে এককভাবে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। কোনোভাবেই এ সময় বৃদ্ধি করা হবে না। ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান আজ সোমবার বেলা একটার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ডিএসইর নতুন পরিচালনা পর্ষদ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।রকিবুর রহমান বলেন, কোম্পানির পরিচালক থাকতে চাইলে তাঁকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে নিজ কোম্পানির দুই শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করতে হবে। কেউ এটা পরিপালন করতে ব্যর্থ হলে, কোনো ফাঁকফোকর না খুঁজে স্বীয় পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত। যেসব শেয়ারধারী সংশ্লিষ্ট কোম্পানির পাঁচ শতাংশের বেশি শেয়ার ধারণ করবেন, পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি সংশ্লিষ্ট ওই কোম্পানির পরিচালক মনোনীত হবেন। তিনি আরও বলেন, ‘কোনো অবস্থায়ই এ সময়সীমা বাড়ানো হবে না বলে এসইসি আমাদের আশ্বস্ত করেছে।’ এ কারণে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মনে করেন তিনি।ডিএসইর সভাপতি বলেন, ‘বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা এসইসিকে অনুরোধ করেছি। কোম্পানিগুলো যাতে সঠিক ঘোষণা দেয় এবং তাদের ঘোষণা যাতে বাজারকে প্রভাবিত না করে, সে বিষয় নিশ্চিত করার জন্য আমরা এসইসিকে অনুরোধ করেছি।’ বাজারে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক মার্কেটে বিক্রির ব্যাপারে এসইসিকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া বাজারে স্বচ্ছতা আনতে ডিএসইর সার্ভিল্যান্স বিভাগকে আরও আধুনিকায়ন করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে সত্যিকারে বিনিয়োগ করতে হলে কোনো প্রকার আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না; একই সঙ্গে গুজবে কান না দিয়ে ভালো কোম্পানি দেখে সার্বিক দিক বিবেচনা করে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।ডিএসইর সূচক সমন্বয়ের ব্যাপারে ডিএসইর সভাপতি বলেন, আগামী এক মাসের মধ্যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এস অ্যান্ড পি) সঙ্গে এ ব্যাপারে চুক্তি সম্পন্ন করা হবে।এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।