পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা প্রজ্ঞাপন বহাল রয়েছে বলে এসইসির পক্ষ থেকে দাবি করা হয়েছে। কয়েকজন পরিচালক উচ্চ আদালতে রিট আবেদন করলে বিস্তারিত শুনানি শেষে আদালত গত ২১ মে রিটগুলো খারিজ করে দেন।এতে এসইসির ওই প্রজ্ঞাপন বহাল রয়েছে বলে এ দাবি করা হয়। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওই প্রজ্ঞাপন পরিপালন-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিশন জরুরি ভিত্তিতে তথ্যাদি সংগ্রহ করছে বলে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ও বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সেকশন ২সিসি-এর প্রদত্ত ক্ষমতাবলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের নিজ নিজ কোম্পানিতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত গত ২০১১ সালের ২২ নভেম্বর তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনের বিপরীতে তালিকাভুক্ত কোম্পানির কিছু পরিচালক উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত বিস্তারিত শুনানি শেষে ২১ মে রিটগুলো খারিজ করে দেন। এতে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত কমিশনের প্রজ্ঞাপনটি বহাল রয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্তৃক এই প্রজ্ঞাপন পরিপালন-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিশন জরুরি ভিত্তিতে তথ্যাদি সংগ্রহ করছে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর কমিশন তা যথাযথভাবে পরিপালনে দ্রুত পদক্ষেপ নেবে।এর মধ্যে এ বিষয়ে আরও কিছু রিট উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, যা দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।এদিকে আদালতের রায়ের পর এসইসির পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় গতকাল বেশ কিছু বিনিয়োগকারী এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিকেলে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।