পরিচালকদের শেয়ার-ধারণের তথ্য চেয়ে এসইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার-ধারণের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার এ চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। চিঠিতে পরিচালকদের শেয়ার-ধারণের বিষয় জানানোর জন্য একটি ছকও দেওয়া হয়েছে।এসইসি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় পরিচালকদের শেয়ার-ধারণের বিষয়ে সময় বাড়ানোর বিষয়টি নাকচ করা হয়।ওই দিন এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পর্যন্ত যাঁরা দুই শতাংশ শেয়ার-ধারণসংক্রান্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন কমিশন বিবেচনা করেনি।’ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এসইসি গত ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের তাঁদের নিজ নিজ কোম্পানিতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশ শেয়ার-ধারণের নির্দেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত কোম্পানির বেশ কয়েকজন পরিচালক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। বিস্তারিত শুনানি শেষে হাইকোর্ট গত ২১ মে রিটগুলো খারিজ করে দেন। ফলে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার-ধারণসংক্রান্ত কমিশনের নির্দেশনা বহাল রয়েছে। তা ছাড়া কমিশনের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে কতিপয় পরিচালকের দায়ের করা সব রিট গত ২১ জুন হাইকোর্টের আরেকটি বেঞ্চ খারিজ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে শেয়ার-ধারণের সময় না বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।’ওই চিঠিতে বলা হয়, ‘আপনার প্রতিষ্ঠানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের গত ২১ মে কার্যদিবস শেষে শেয়ার-ধারণের নিম্নরূপ প্রতিবেদন কমিশন বরাবর প্রেরণের জন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারার অধীন উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ প্রদান করা হলো।’চিঠিতে আরও বলা হয়, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিবেদন ইংরেজি অক্ষরের ক্রমানুসারে প্রথম অংশে এবং উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর প্রতিবেদন একইভাবে দ্বিতীয় অংশে একই প্রতিবেদনে উপস্থাপন করতে হবে। এ ছাড়া এসইসির দেওয়া ছক অনুসারে কোম্পানির পরিচালকদের (মনোনীত ও স্বতন্ত্র পরিচালক ব্যতীত) তথ্য আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়। এসইসির সরবরাহ করা ওই ছয়টি বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত সব কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক/কোম্পানির সচিবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।