পরিচালকদের শেয়ার ধারণের সময়সীমা বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা বাড়ছে না। আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ বিষয়টি নাকচ করা হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পর্যন্ত যাঁরা দুই শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে সময় বাড়ানোর আবেদন করেছেন, তাঁদের আবেদন কমিশন বিবেচনা করেনি।’সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এসইসি গত ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের তাঁদের নিজ নিজ কোম্পানিতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত কোম্পানির বেশ কয়েকজন পরিচালক হাইকোর্টে ‘রিট পিটিশন’ দায়ের করেন। বিস্তারিত শুনানি শেষে হাইকোর্ট গত ২১ মে রিটগুলো খারিজ করে দেন। ফলে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত কমিশনের নির্দেশনা বহাল রয়েছে। তা ছাড়া কমিশনের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে কতিপয় পরিচালকের দায়ের করা সব রিট গত ২১ জুন হাইকোর্টের আরেকটি বেঞ্চ খারিজ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে শেয়ার ধারণের সময় না বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।এ ছাড়া যেসব পরিচালকের পদ শূন্য হয়েছে, তাঁদের বিষয়ে তথ্য আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কমিশনে দাখিল করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই) এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য একই সময়ের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে উল্লিখিত সিদ্ধান্তগুলো পরিপালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ’কে (বিএপিএলসি) একটি পত্র প্রদান করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।