পরিচালকের কলেজে খোলা হলো ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নামে থাকা কলেজে ব্যাংকের নতুন শাখা খুলে বসেছেন রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের বর্তমান পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক ইউনিয়নে এই শাখা খোলা হয়েছে। ২০১৩ সালের নভেম্বর থেকে রূপালী ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদকও। তিনি আওয়ামী লীগের আগের কমিটির কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন।
এ ছাড়া রূপালী ব্যাংক চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে পরিচালনা পর্ষদের সভা করেছে। প্রধান কার্যালয় ছেড়ে হঠাৎ তারকা হোটেলে পর্ষদ সভা করা নিয়ে প্রশ্ন উঠেছে।
যোগাযোগ করা হলে ব্যাংকটির চেয়ারম্যান মনজুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে প্রস্তাব আসার পর সভাটি চট্টগ্রামে করা হয়েছে। কিসের ভিত্তিতে সভাটি সেখানে করা হলো, তা আমি জানি না। আমি ব্যাংকের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করি না। তবে আমি সভা করেই চলে এসেছি।’
পরিচালকের নিজ নামে থাকা কলেজে শাখা খোলা প্রসঙ্গে মনজুর হোসেন বলেন, ‘এটা নৈতিকতার প্রশ্ন। শালীনতার বিষয়। আমি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে যাইনি।’
জানা গেছে, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শাখা চালু হয়েছে। শাখাটি উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার ভেতরে। মূলত এলাকাটি ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদের গ্রাম হিসেবেই পরিচিত। ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদ নিজেই। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক সুশীল রঞ্জন হাওলাদার ও ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে রাজধানীর বাইরে পরিচালনা পর্ষদের সভায় কেন্দ্রীয় ব্যাংক নিরুৎসাহিত করলেও ২ নভেম্বর রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাটি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের সদস্যদের বিমানে যাতায়াত খরচ ও হোটেলে থাকা-খাওয়ার ব্যয় বহন করতে হয়েছে ব্যাংকটিকে। পর্ষদের সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাও অংশ নেন। তিনি সম্প্রতি ব্যাংকটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন পর্যবেক্ষক হিসেবে ব্যাংকটির সভায় অংশ নিয়েছি। বাংলাদেশ ব্যাংক রাজধানীর বাইরে পর্ষদ সভায় নিরুৎসাহিত করলেও তারা এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেছিল। তবে খরচ কমাতে এভাবে সভা না করাই ভালো।’ শাখা খোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিষয়টি দেখেছি। নিশ্চয়ই এতেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছিল।’
জানতে চাইলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, ‘চট্টগ্রামে শাখা ব্যবস্থাপক সম্মেলন ছিল। তাই পর্ষদ সভাও সেখানে করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে অবহিত করেই সেখানে সভা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই শাখাটি খোলা হয়েছে। এটা অনেক আগের সিদ্ধান্ত ছিল।’
রূপালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যাংকটি একটি চক্রের মধ্যে আটকা পড়েছে। ঋণ অনুমোদন, শাখা খোলা, যাবতীয় কেনাকাটা—সবই একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। কয়েকজন পরিচালকের সঙ্গে ব্যাংকটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এতে জড়িয়ে পড়েছেন। বড় কয়েকজন গ্রাহকের সঙ্গে তাঁদের সখ্য থাকায় ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকও চক্রটি ভাঙতে পারছেন না।
যোগাযোগ করা হলে ব্যাংকটির পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, ‘আশপাশে চারটি প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই প্রতিষ্ঠানের নামে শাখাটি খোলা হয়েছে। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।’