পরিচিতি সভায় পরিবর্তনের প্রতিশ্রুতি ফোরাম নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে সদস্যদের কাছে ভোট চাইলেন ফোরামের নেতারা। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে পরিচিতি সভার আয়োজন করে ফোরাম। এতে নির্বাচনে জয়ী হলে পোশাকশিল্পে পরিবর্তন আনবেন বলে প্রতিশ্রুতি দেন নেতারা। সভায় ফোরামের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের ২৭ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী রোববার বিজিএমইএর ২০১৩-১৪ সময়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফোরামের পরিচিতি সভায় প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক তিন সভাপতি আনিসুল হক, আনিসুর রহমান সিনহা ও আনোয়ার-উল-আলম চৌধুরী এবং সাবেক সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ। সমিতির অনেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। দেশাত্মবোধক গান আর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রাত আটটায় পরিচিতি সভাটি শুরু হয়। ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করতে আমরা ঢাকাকে কেন্দ্র করে অন্তত চারটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) করব। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ১০০ থেকে ১৫০টি কারখানা থাকবে। যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই ধরনের অর্থনৈতিক অঞ্চল করার চিন্তাভাবনা আমাদের আছে।’মাহমুদ হাসান খান আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হলে আমরা পোশাকশ্রমিকদের জন্য ডিজিটাল তথ্যভান্ডার করব। এতে করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ বা নতুন কারখানায় কাজ পেতে সুবিধা হবে।’ ফোরাম তার নির্বাচনী ইশতেহারে বলেছে, পরিবর্তনই আজকের প্রয়োজন। ফোরাম নেতৃত্বে অবশ্যই এই শিল্পে নতুন রক্ত সঞ্চালন হবে। আমরা সবাই মিলে আপনাদের (পোশাকমালিক) প্রত্যাশা পূরণ করব। কোনো সমঝোতা না করে সর্বোচ্চ চেষ্টা করব।