পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এবার ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন।
পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের পারিশ্রমিক ব্যাংকের মাধ্যমে পাওয়ার সুযোগের জন্য জাতীয় পরিচয়পত্র ও সিটি করপোরেশনের পরিচয়পত্র দিয়ে এ হিসাব খুলতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকে এ ধরনের হিসাব খোলা যাবে। এসব ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ এবং কোনো প্রকার মাশুল বা ফি আদায় করা যাবে না। চেক বইয়ের অপ্রতুলতা থাকলে ভাউচারের মাধ্যমে লেনদেন করা যাবে।
এর আগে কৃষক, মুক্তিযোদ্ধাসহ কয়েকটি ক্ষেত্রে ১০ টাকা জমার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য সরকারি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। সে মোতাবেক বিভিন্ন ব্যাংক সারা দেশে প্রায় এক কোটি ৩০ লাখ হিসাব খুলেছে।