পরিত্যক্ত ভবনের কাছে রাকাবের পাওনা এখন ১৪ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের একটি ধানখেতের পাশে দীর্ঘদিন থেকে একটি অসম্পূর্ণ দালান বা ভবন পড়ে রয়েছে। বছর দেড়েক আগেও দালানের পাশে একটি সাইনবোর্ডে লেখা ছিল, ‘মেসার্স উল্লাপাড়া ফ্লাওয়ার মিল প্রাইভেট লি.।’ সাইনবোর্ডটি এখন আর নেই।জানা গেছে, এই প্রতিষ্ঠানের কাছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ১৪ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটি ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ ঋণখেলাপি। পাশেই রয়েছে মেসার্স উল্লাপাড়া কোল্ড স্টোরেজ। এটি রাকাবের তৃতীয় সর্বোচ্চ খেলাপি। ব্যাংকের পাওনা ১৩ কোটি টাকারও বেশি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপ আর অদক্ষ ব্যবস্থাপনার কবলে পড়ে রাকাবের অনাদায়ী ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। চলতি বছর এসে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১২৮ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকের ২০ জন শীর্ষ ঋণখেলাপির কাছেই রয়েছে ১১৪ কোটি ৫০ লাখ টাকা।ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষকদের কল্যাণে প্রতিষ্ঠিত এই ব্যাংক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের শিল্পঋণ নেওয়া হয়েছে, যার বেশির ভাগই খেলাপি হয়ে পড়েছে। অর্থঋণ আদালতে শুধু একটা মামলা করা ছাড়া পরবর্তী সময়ে ব্যাংক এসব ঋণ আদায়ের কোনো ব্যবস্থা করতে পারেনি। রাকাব সূত্রে জানা যায়, ২০০০ সালের জুনে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ছিল এক হাজার ২১৩ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ছিল ৭৭৬ কোটি টাকা। পাঁচ বছর পর ২০০৫ সালের জুনে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ১৪৪ কোটি ৫২ লাখ টাকা। এ সময় খেলাপিঋণ কিছুটা কমে হয় ৬৪০ কোটি টাকা। আর ২০১০ সালের জুনে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ১৩২ কোটি ৮৬ লাখ টাকা। খেলাপিঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৩১৩ কোটি ১৪ লাখ টাকা। সূত্র জানায়, রাকাবের সবচেয়ে বড় ঋণখেলাপি বগুড়ার মেসার্স আর অ্যান্ড আর পোটেটু কোল্ড স্টোরেজ। বর্তমানে এই প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ১৫ কোটি ৩৭ লাখ টাকা। ব্যাংক সূত্রে জানা গেছে, এই টাকার ওপর অনারোপিত সুদ রয়েছে। এই সুদ যোগ করলে ব্যাংকের পাওনা দাঁড়াবে সাড়ে ২২ কোটি টাকা। ব্যাংকের তৃতীয় বড় ঋণখেলাপি মেসার্স উল্লাপাড়া কোল্ড স্টোরেজ। মুঠোফোনে যোগাযোগ করা হলে এই কোল্ড স্টোরের মালিক এস এন কবির জানান, আদালত তাঁকে ঋণখেলাপি নয় বলে সনদপত্র দিয়েছেন। এখন তিনি ঋণের ব্যাপারে শুনানি করতে চাইছেন কিন্তু ব্যাংক পিছিয়ে যাচ্ছে। মেসার্স উল্লাপাড়া ফ্লাওয়ার মিলসেরও মালিক এস এন কবির। পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। হিমাগারটি চালু থাকলেও আটা-ময়দার কারখানাটি এখন একটি পরিত্যক্ত অসম্পূর্ণ দালান। স্থানীয় লোকজন জানান, ২০ বছরের বেশি সময় ধরে নির্মাণাধীন দালানটি এভাবেই পড়ে রয়েছে। এ ব্যাপারে এস এন কবির জানান, ১৯৮৩ সালে এই প্রতিষ্ঠানের বিপরীতে তাঁকে ৪৪ লাখ টাকা মঞ্জুর করা হয়েছিল। কিন্তু তিনি যখন কারখানার নির্মাণকাজ শুরু করেন, তখন ব্যাংক তাঁকে আট লাখের কিছু বেশি টাকা দেয়। তারপর আর কোনো টাকা দেয়নি। তাই তাঁর প্রকল্প বসে যায়। পরে তিনি হাইকোর্টে গেছেন। মামলা চলছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ হাজিরা দেয় না বলে তিনি অভিযোগ করেন। যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, এই ঋণগুলো অনেক আগে দেওয়া। এখন ঋণগ্রহীতারা হাইকোর্টে রিট করেছেন। রিট খারিজ হতে সময় লাগছে। অনাদায়ী ঋণের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ার কথা স্বীকার করে ব্যাংকের এমডি বলেন, আগে প্রকল্প ঋণের ক্ষেত্রে পাঁচ বছর পর কিস্তি আদায় শুরু হতো। আর কিস্তি ছিল বার্ষিত ভিত্তিতে। তিনি আরও বলেন, এখন থেকে শুরুতেই এগুলো যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক কিস্তি ভেঙে চার মাস অন্তর এবং প্রকল্প শুরুর পরে সর্বোচ্চ দুই বছর পর কিস্তি আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।