পরিদপ্তরের মামলার অভিযোগ সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে ১৩ অক্টোবর পলমল গ্রুপের প্রতিষ্ঠান আসওয়াদ কম্পোজিট মিলসের বিরুদ্ধে শ্রম আইনে মামলা করেছে সরকারি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর।

এর প্রতিবাদে রাজধানীর শাহজাদপুরে পলমল গ্রুপের কার্যালয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিস শিকদার বলেছেন, যেসব অভিযোগে মামলাটি হয়েছে, তার কোনোটিই সঠিক নয়। তাঁর অভিযোগ, ‘পরিদপ্তর পরিদর্শন করে কোনো কিছু পায়নি। তার পরও যেহেতু অগ্নিকাণ্ডে সাতজন মারা গেছে, আমাদের ধরতে মামলাটি করা হতে পারে।’

উল্লেখ্য, গত ৮ অক্টোর আসওয়াদ কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন মারা যায়।

সংবাদ সম্মেলনে নাফিস বলেন, ‘গত ২ অক্টোবর কলকারখানা পরিদপ্তর থেকে একটি চিঠি দিয়ে কিছু বিষয়ে সাত দিনের মধ্যে আমাদের জবাব দিতে বলা হয়েছে। আর জবাব না দেওয়ার কারণেই মামলাটি করা হয়েছে বলে পরিদপ্তর থেকে। কিন্তু সেই চিঠি আমরা এখন পর্যন্ত পাইনি।’

কলকারখানা পরিদপ্তরের হয়ে মামলটি করেন পরিদর্শক সহিদুল ইসলাম। এজাহারে বলা হয়, আসওয়াদ কম্পোজিটে শ্রমিকদের রেজিস্টার সংরক্ষণ করা হয় না; কারখানার ভবন, পথ, যন্ত্রপাতি নিরাপদ নয়; অগ্নিনির্বাপণ সরঞ্জাম বিধি অনুযায়ী রাখা হয়নি; শ্রমিকদের কাজের সময়সূচি ও  কারখানা বর্ধিত করার নকশা অনুমোদিত না।

এ বিষয়ে নাফিস বলেন, গত ২৫ সেপ্টেম্বর পরিদর্শক সহিদুল ইসলামই আসওয়াদ কারখানাটি পরিদর্শন করে একটি প্রতিবেদন দেন। তাতে কারখানায় শ্রমিকদের হাজিরা সংরক্ষণ, অগ্নিনির্বাপক-ব্যবস্থা, কারখানা বহির্গমন পথসহ বিভিন্ন বিষয়ে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করা হয়েছে। তা ছাড়া কারখানা বর্ধিত করার সময় পরিদপ্তরের অনুমোদনও নেওয়া হয়েছে।