পরিদর্শন নিয়ে মালিকেরা শঙ্কিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ক্রেতাদের দুই জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানা পরিদর্শন নিয়ে সব মালিকই শঙ্কিত। কারণ, পরিদর্শনের নামে তারা অনেক পুরোনো কারখানাকে ‘ঝুঁকিপূর্ণ’ আখ্যায়িত করছে এবং সংস্কারের জন্য কোনো সময় না দিয়েই তা বন্ধ করে দিচ্ছে।
তৈরি পোশাক মালিকদের সমিতি বিজিএমইএর নেতারা গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতির নামে একটি গোষ্ঠী পোশাকশিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এখনই তা রুখতে না পারলে শিল্পটির পতন অনিবার্য এমন দাবি করে তাঁরা সরকারের সহায়তা কামনা করেন।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সমিতির বেশ কয়েকজন সাবেক নেতা ও শতাধিক কারখানার মালিক।
সমিতির নেতারা বলেন, তাঁরা কারখানার কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সে জন্য মালিকদের পর্যাপ্ত সময় ও স্বল্পসুদে ঋণ দিতে হবে। একই সঙ্গে মুন্সিগঞ্জের বাউশিয়ায় পোশাকপল্লির কাজ দ্রুত শেষ করতে হবে। অবকাঠামো নির্মাণে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করতে হবে, যাতে ছোট ও পুরোনো কারখানাগুলো সেখানে স্থানান্তর করা যায়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মালিকদের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আমাদের রপ্তানি খাত নিয়ে গভীর ষড়যন্ত্র আছে।’ তবে মালিকদের উদ্দেশে তিনি বলেন, মানসম্মতভাবে কারখানা তৈরি করতে হবে। শ্রমিকদের নিরাপত্তায় সর্বোচ্চ নজর রাখতে হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতায় পোশাকশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ খাতের উৎসে করহার শূন্য দশমিক ৮০ থেকে কমিয়ে শূন্য দশমিক ৩০ করার বিষয়টি চূড়ান্ত অবস্থায় আছে। এটি বাস্তবায়িত হলে মালিকদের এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।
আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, অনেক কারখানা আছে যারা ২০ বছর ধরে কাজ করছে। এখন তাদের ২০ ঘণ্টা সময় দিলে তো হবে না। কিন্তু চুক্তি অনুযায়ী জোটের পরিদর্শন শেষে সংস্কারের পরিকল্পনা দেওয়ার কথা, তারপর সময় দিতে সেগুলোর উন্নতি করতে হবে। সে জন্য তহবিল দেওয়ার কথা। তবে এসব না করে তারা (অ্যাকর্ড) কথার বাইরে যাচ্ছে। কারখানা বন্ধ করে দিচ্ছে।
বিজিএমইএর এই সভাপতি বলেন, ‘পোশাকশিল্প সত্যিই হুমকির মুখে আছে। সবাই বিভিন্নভাবে আক্রান্ত। রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও সবার ভেতরেই রক্তক্ষরণ হচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় আকাশপথে পণ্য পাঠাতে ও মূল্যছাড়ে পণ্য দিয়ে এবং বর্ধিত মজুরি বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। এখন কীভাবে ফেরত দেবেন সবাই সেই দুশ্চিন্তায় আছেন। আসলে আমরা এখন কোটিপতি থেকে “ওডিপ্রতি” হয়ে গেছি।’
কারখানার মালিক মোশারফ হোসেন বলেন, ‘এক বছর ধরে ইউনিয়ন পরিষদ ভবনের নকশা পাস করছে। রাজউকের কাছে গিয়েও সুরাহা হচ্ছে না, তারাও নকশা পাস করছে না। ফলে আমরা ঢাকার বাইরে কারখানা স্থানান্তর করতে চাইলেও পারছি না।’
তোফায়েল আহমেদ বিজিএমইএর নেতাদের বক্তব্যের পর পোশাকশিল্পে সমস্যা সমাধানে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ সব পক্ষকে নিয়ে একটি কমিটি করার কথা বলেন। কমিটি সমস্যা চিহ্নিত করার পরই তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংসদ ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী, বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও এস এম মান্নান, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মোস্তফা গোলাম কুদ্দুস ও বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ, সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ।