পরিদর্শন শেষ হলো ২,৯০৪ কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মপরিবেশ উন্নয়নে নেওয়া পরিকল্পনা অনুযায়ী দেশের ২ হাজার ৯০৪টি তৈরি পোশাক কারখানা ভবনের কাঠামোগত, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাবিষয়ক পরিদর্শন শেষ হয়েছে।
এর মধ্যে এক হাজার কারখানা পরিদর্শন হয়েছে বাংলাদেশ সরকারের ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার আওতায়। বাকিগুলো করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত পরিদর্শন কাজটি হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেতৃত্বে। এতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহযোগিতা করছে। এই উদ্যোগে গতকাল বুধবার এক হাজার কারখানা পরিদর্শনের কাজ শেষ হয়েছে। এটিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছে আইএলও। সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ হাজার ৫০৮ পোশাক কারখানার মধ্যে এখন পরিদর্শন বাকি আছে ৬০৪টির।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ বলেছেন, ‘শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। ৩১ জুলাইয়ের মধ্যেই আমরা পরিদর্শনের কাজ শেষ করতে চাই।’