গ্রাহকদের হয়রানির পর ১ জুলাইয়ের আগে কেনা পরিবার ও পেনশন সঞ্চয়পত্রের উত্স কর কর্তন না করা সংক্রান্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা পরিপত্র এখনো সব ব্যুরো অফিস ও ডাকঘরগুলোতে পৌঁছায়নি। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, গতকাল সোমবার সকালে সদরঘাটের ঢাকা সদর প্রধান ডাকঘরে এ-সংক্রান্ত নির্দেশনা ফ্যাক্সযোগে পৌঁছায়। অথচ গত ২৪ জুলাই এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও গাফিলতির জন্যই এ বিলম্ব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সদরঘাটের ডাকঘরে পরিপত্রের অনুলিপির যে ফ্যাক্স গতকাল সকালে এসে পৌঁছে, তা এতটাই অস্পষ্ট যে, কোনোভাবেই পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছিল না। ডাকঘর সূত্র জানায়, পরিবার ও পেনশন সঞ্চয়পত্রের উেস কর কর্তন নিয়ে জটিলতা এবং নির্দেশনা পৌঁছাতে দেরি হওয়ায় গত শনি ও রোববার গ্রাহকদের মুনাফা দেওয়া বন্ধ ছিল। এই দুই দিন অনেক গ্রাহক ডাকঘরে মুনাফা তুলতে এলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল বিষয়টি স্বীকার করে সঞ্জিত চন্দ্র পণ্ডিত প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) সকাল থেকেই নতুন নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের মুনাফা দেওয়া হচ্ছে’। তিনি আরও বলেন, গণমাধ্যমে পরিপত্র জারির বিষয়টি জানতে পারলেও অফিশিয়াল কাগজপত্র না আসায় বিষয়টি কার্যকর করতে বিলম্ব হয়েছে। অন্যদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে যোগাযোগে করলে গেন্ডারিয়া ডাকঘরের সাব-পোস্টমাস্টার প্রথম আলোকে বলেন, গতকালও ডিজি অফিস থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তাই বাধ্য হয়েই ১ জুলাইয়ের আগে কেনা পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১০ শতাংশ উেস কর কর্তন করা হচ্ছে। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে বচসাও হচ্ছে।প্রসঙ্গত, একটি অসম্পন্ন নির্দেশনার ভিত্তিতে চলতি জুলাইয়ের শুরু থেকেই সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর উেস কর কর্তন শুরু করে দেয় সংশ্লিষ্ট ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরো কার্যালয়গুলো। এতে পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের গ্রাহকেরা বড় ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন।তবে গত ২১ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়, ১ জুলাইয়ের আগে কেনা পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের মুনাফায় উেস কর কর্তন করা হবে না। তার পরও আনুষ্ঠানিক পরিপত্র জারি করতে পাঁচ দিন সময় ক্ষেপন করা হয়। পরে বিভিন্ন জাতীয় দৈনিকে পরিপত্রটি বিজ্ঞাপন আকারে প্রকাশ করে জাতীয় সংঞ্চয়পত্র পরিদপ্তর। এ বিষয়ে সঞ্চয় পরিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগে নির্দেশনা বা পরিপত্র ডাকযোগে পাঠানো হতো। কিন্তু এবার পরিস্থিতির কারণে পরিপত্র জারির পরপরই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ফ্যাক্স ও ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া পরিদপ্তরের ওয়েবসাইটেও পরিপত্রটি দেওয়া আছে।উল্লেখ্য, এ বছর ১ জুলাইয়ের আগে যাঁরা পরিবার বা পেনশনার সঞ্চয়পত্র কিনেছেন, তাঁরা যখনই মুনাফা উত্তোলন করুন না কেন, মুনাফার বিপরীতে কোনো ধরনের উেস কর দেবেন না। এ দুটি বাদে আলোচ্য সময়কালে কেনা অন্য সঞ্চয়পত্রগুলোর মুনাফা থেকে ১০ শতাংশ হারে কর কর্তন করা হয়েছে ও হচ্ছে। তবে ২০১১-১২ অর্থবছরের বাজেটে সরকার পরিবার ও পেনশনারসহ সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারে উেস কর কর্তনের বিধান জারি করা হয়। তাই ২০১১ সালের ১ জুলাই বা তার পরে যাঁরা যে সঞ্চয়পত্রই কিনুন না কেন, সেটির মুনাফার বিপরীতে ৫ শতাংশ হারে উেস কর কর্তন করা হবে।