পরিবর্তন হচ্ছে মিউচুয়াল ফান্ডের নীতিমালা
মিউচুয়াল ফান্ড খাতকে গতিশীল করতে এর নীতিমালায় বড় ধরনের সংশোধনী আনছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির নিয়মিত সভায় গতকাল বুধবার মিউচুয়াল ফান্ড নীতিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে সংবাদপত্রের মাধ্যমে জনমত যাচাইয়ের পরই এসব সংশোধনী চূড়ান্ত করা হবে।এসইসির সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোনো কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে চাইলে তার ১৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য। এর আগে ১০ শতাংশ শেয়ার বরাদ্দ রাখা হতো।ব্যক্তি পর্যায়ে মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের সীমাও তুলে নেওয়া হচ্ছে। এর আগে একজন ব্যক্তি ২৫ লাখ টাকার বেশি কোনো মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দ পেতেন না। এ ছাড়া বরাদ্দ পাওয়া প্লেসমেন্ট এক বছরের আগে বিক্রি বা হস্তান্তর করার নিষেধাজ্ঞা কমিয়ে ছয় মাস করা হবে। অর্থাৎ, লেনদেন শুরুর ছয় মাস পরই প্লেসমেন্টের বরাদ্দ পাওয়া মিউচুয়াল ফান্ড বিক্রি করা যাবে।বর্তমান নীতিমালা অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ন্যূনতম অর্ধেক বা ৫০ শতাংশ অর্থ জনসাধারণের কাছ থেকে আইপিওর মাধ্যমে সংগ্রহ করা বাধ্যতামূলক। নতুন নিয়মে এ হার কমিয়ে ২৫ শতাংশ করা হবে।একইভাবে কমপক্ষে ২০ কোটি টাকা নিয়ে মেয়াদহীন (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ড গঠনের শর্তও শিথিল করা হচ্ছে। এখন থেকে ১০ কোটি টাকা প্রাথমিক তহবিল নিয়েই মেয়াদহীন ফান্ড যাত্রা শুরু করতে পারবে।এর বাইরে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে (এএমসি) মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এত দিন এএমসিগুলো ফান্ড পরিচালনা করলেও নিজেরা গঠন করতে পারত না। একই সঙ্গে এএমসিগুলোকে মিউচুয়াল ফান্ডের বাইরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কোষ বা পোর্টফোলিও ব্যবস্থাপনারও ক্ষমতা দেওয়া হবে। এর ফলে এএমসি অন্য প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যবস্থাপনা করতে পারবে।সংশোধিত নীতিমালায় মিউচুয়াল ফান্ডের নামের আগে এএমসির নাম যুক্ত করা বাধ্যতামূলক করা হবে, যাতে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের নাম দেখেই বুঝতে পারেন, ফান্ডটি কোন এএমসি পরিচালনা করছে। এ ছাড়া এখন থেকে এএমসিগুলোর রেটিং করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এএমসির সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা যাচাই করতেই এ রেটিং করা হবে। যোগাযোগ করা হলে প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক মইন আল কাশেম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর হলেও এসইসি মিউচুয়াল ফান্ডের গুরুত্ব অনুধাবন করে যে সংশোধনী আনছে, তাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি এর ফলে মিউচুয়াল ফান্ড খাতে একটি গতি সঞ্চার হবে।’ মইন আল কাশেম আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিউচুয়াল ফান্ডের কর-সুবিধা যদি বহাল রাখে, তাহলে বাজারের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় খাতটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।