পরিবর্তনের জন্য দরকার যোগ্য নেতৃত্ব: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের পরিবর্তনের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আর যোগ্য নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজন তরুণদের দক্ষতা বাড়ানো। কেবল সঠিক শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানো সম্ভব।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে আয়োজিত ‘দ্য ভয়েস অব বিজনেস উইক ২০১৪’—এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন। এর আগে তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায়িক প্রকাশনা ‘দ্য ভয়েস অব বিজনেস’-এর ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে আতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে নিজের বাড়িতে যাবেন তখন যেন তাঁদের হাতে ল্যাপটপ থাকে। তাঁরা যখন হলে বা ছাত্রাবাসে অবস্থান করবেন তাঁদের কক্ষে যেন ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকে। তাঁরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করবেন। তিনি বলেন, তরুণদের সব সময় বড় কিছু ভাবতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
আতিউর রহমান আরও বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এ অবস্থায় আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব ক্যাথরিন মাসুদ, বেসরকারি মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, দ্য ভয়েস অব বিজনেসের সভাপতি ওসমান ঢালী ও ‘দ্য ভয়েস অব বিজনেস’-এর প্রধান সম্পাদক গর্ডন জ্যাকব টসকানো।