পরিবহন খরচ কমলেও কমেনি চালের দাম
১৮-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি স্থগিতের পর কমে এসেছে পণ্য পরিবহনের ব্যয়। কিন্তু তার পরও বাজারে চালের দাম কমেনি। যে কারণে নিম্ন আয়ের মানুষজনকে বাড়তি দামে চাল কিনতে এখনো হিমশিম খেতে হচ্ছে।
চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজার ঘুরে জানা যায়, গত এক মাসে চালের দাম কমেনি। বরং কোনো কোনো চালের দাম কেজিপ্রতি দু-এক টাকা বেড়েছে।
গতকাল বুধবার প্রতি কেজি মোটা চাল ইরি ও স্বর্ণা পাইকারি বাজারে ৩৪ টাকা ও খুচরা বাজারে ৩৮ টাকায় বিক্রি হয়েছে। পারিজা চালের পাইকারি দর ছিল কেজিপ্রতি ৩৬-৩৭ টাকা, যা খুচরা বাজারে ছিল ৩৮-৪০ টাকা। মাঝারি ও সরু চালের মধ্যে মিনিকেটের পাইকারি দাম ছিল ৪২-৪৪ টাকা, যা খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৫-৪৮ টাকায়। জিরাশাইল পাইকারি বাজারে ৪৬-৪৮ টাকা আর খুচরায় ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া মান ভেদে নাজিরশাইল পাইকারি বাজারে ৫০-৫২ টাকায় ও খুচরা ৫২-৫৮ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পুরোনো চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মোকামে দাম বেড়েছে।
চট্টগ্রামে চাল আসে প্রধানত নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্যবসায়ীরা জানান, টানা অবরোধের সময়ে
প্রতি কেজি চাল পরিবহনে খরচ পড়ত চার টাকা। সেটি এখন এক থেকে দেড় টাকায় নেমে এসেছে। সেই হিসাবে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা কমার কথা। পরিবহনের খরচ কমে যাওয়ায় চালের দাম কমবে বলে আশা করা হলেও সেটি হয়নি।
দাম না কমা প্রসঙ্গে চট্টগ্রাম চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, পরিবহনের খরচ কমায় কিছুদিন আগে কোনো কোনো চালের দাম কমেছিল। কিন্তু হঠাৎ করেই বড় মোকামগুলোতে চালের দাম বেড়ে গেছে। ফলে গত এক সপ্তাহ ধরে পাইকারি ব্যবসায়ীদের বেশি দামে চাল কিনতে হচ্ছে।
ওমর আজম আরও জানান, এখনো নতুন চালের চাহিদা কম। সে জন্য দাম বেশি হলেও ব্যবসায়ীরা পুরোনো চালই বিক্রি করছেন।
তবে কোনো কোনো ব্যবসায়ী দাবি করেন, গত মাসের তুলনায় প্রতি বস্তা চালের দাম ১০০ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু খুচরা বাজার ঘুরে এর প্রভাব দেখা যায়নি। মো. খোরশেদ নামের একজন খুচরা বিক্রেতা জানান, পারিজা নামের মোটা চালের প্রতি বস্তা গত মাসের তুলনায় তাঁকে ৫০ টাকা বেশি দামে কিনতে হয়েছে।
আবার পাহাড়তলীর একজন চাল ব্যবসায়ী বলেন, কিছুদিন পরেই বাজারে নতুন চালের বিক্রি বেড়ে যাবে। তখন চালের দাম কমবে।