পরিবহন ধর্মঘটে দিনাজপুরে লিচুর বাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুরে মৌসুমি ফল লিচুর বাজারে ধস নেমেছে। দিনাজপুর সদর ও বিরল উপজেলার ব্যবসায়ী ও বাগানমালিকদের দাবি, ধর্মঘটের কারণে প্রতিদিন প্রায় তিন কোটি টাকার ক্ষতি হচ্ছে।বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির ডাকে গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। যে কারণে দিনাজপুরে অভ্যন্তরীণ, আন্তজেলা ও দূরপাল্লার সব পথেই বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংক লরিসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন কুরিয়ার বা পার্শ্বেল সার্ভিসগুলোও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।দিনাজপুরের লিচুর পাইকারি বাজারগুলোতে গত দুই দিনে বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটলেও পাইকারি ক্রেতাদের খুব একটা দেখা যায়নি। শহরের কিছু লোকজন বাসাবাড়িতে খাওয়ার জন্য টুকটাক কিছু লিচু কিনে নিচ্ছে।সদর উপজেলার মাশিমপুর গ্রামের বাগানমালিক আকবর আলী জানান, ধর্মঘটের কারণে ঢাকাসহ দেশের কোথাও এখন দিনাজপুরের লিচু যাচ্ছে না।আড়তদার মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতি ১০০ মাদ্রাজি লিচুর দাম ২৫০ টাকা থেকে দুই দিনে কমে মাত্র ১২০ টাকায় এবং বোম্বাই লিচু ২০০ টাকা থেকে মাত্র ৮০ টাকায় নেমে গেছে।জয়নাল আবেদীন নামের আরেক আড়তদার জানান, প্রতি ১০০ বেদানা লিচুর দাম ৭০০-৮০০ টাকা থেকে কমে মাত্র ৩০০ টাকায় আর ৮০০ টাকার চায়না-থ্রি লিচু ৪০০ টাকায় নেমে এসেছে।মাশিমপুরের বাগানমালিক রওশন আলী, বিরল উপজেলার মাধবমাটির বাগানমালিক অধ্যাপক আযাদ কালাম, মো. মতিয়ার রহমান প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মঘটের কারণে লিচুর দাম যেমন কমেছে, তেমনি বাগানে লাখ লাখ লিচু পেকে ঝরে যাচ্ছে।