পরিবহন ধর্মঘটের প্রভাব বাজারে

পরিবহনশ্রমিকদের ‘অঘোষিত ধর্মঘটের’ কারণে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে গেছে। দাম বেড়েছে দূরের জেলা থেকে আনা সবজি ও মাছের। ব্যবসায়ীরা বলছেন, বেশ কিছু সবজির দর কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে। মাছের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
চাল, ডাল, আটা, ময়দা, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো হেরফের হয়নি। মাংসের বাজারে ধর্মঘটের প্রভাব দেখা যায়নি। অবশ্য গরু ও খাসির মাংসের দাম আগে থেকেই চড়া।
আদালতের রায়ে সাজা পাওয়া দুই বাসচালকের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ধর্মঘট ডাকেন পরিবহনশ্রমিকেরা, যদিও একে তাঁরা স্বেচ্ছায় অবসর বলে উল্লেখ করছেন। এতে দূরের জেলা থেকে পণ্যবাহী যান চলাচলও বন্ধ হয়ে যায়।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী আবুল বাশার প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ থেকে ট্রাক আসেনি বললেই চলে। এতে উত্তরের জেলাগুলো থেকে আসা সবজির সরবরাহ একেবারেই কমে গেছে। এতে এসব সবজির দাম বেড়েছে।
উদাহরণ দিয়ে আবুল বাশার বলেন, দুই দিন আগেও একটি লাউ ৩০-৩৫ টাকা দিয়ে কেনা যেত, গতকাল বুধবার ভোরে তিনি তা কিনেছেন ৫০ টাকা দরে। এরপর বিক্রি করেছেন প্রতিটি ৬০ টাকা দরে। একইভাবে বগুড়া থেকে আসা লতির দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৬০ টাকা, বাঁধাকপির দাম ৫ টাকা বেড়ে প্রতিটি ২০ টাকা, কাঁচকলা হালিতে ৫ টাকা বেড়ে এখন ২০-২৫ টাকায় উঠেছে বলে দাবি করেন তিনি।
অবশ্য আবুল বাশার জানান, ফুলকপি কুমিল্লা থেকে আসে বলে দাম বাড়েনি। প্রতিটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে প্রতি কেজি বরবটি ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা ও আলু ১৬-১৮ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। ব্যবসায়ীরা বলেন, উত্তরবঙ্গ থেকে সরবরাহ কমে যাওয়ায় অন্য সবজির ওপর চাপ পড়েছে। মাছ ব্যবসায়ীরা দাবি করেন, মাছের দাম কেজিতে ২০ টাকার মতো বেড়েছে। তবে বাজারে ক্রেতা কম বলে খুচরা পর্যায়ে প্রভাব সীমিত ছিল।
কারওয়ান বাজারের এক চিংড়ি বিক্রেতা প্রথম আলোকে বলেন, ছোট চিংড়ি ধর্মঘটের আগেও ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি ছিল। এখনো একই দামে বিক্রি করছেন তিনি।
ঢাকার কাজীপাড়া বাজারে গরুর মাংস ৪৮০ টাকা, কারওয়ান বাজারে ৪৮০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্যদিকে আসল খাসির মাংস ৮০০ টাকার কমে মিলছে না। মাংস ব্যবসায়ীদের সাম্প্রতিক ধর্মঘটের পর থেকেই মাংস এই দরে বিক্রি হচ্ছে। ধর্মঘটের প্রভাব মাংসের দামে পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের।
গরুর মাংসের মতো মুরগির বাজারও স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে টাকার বাজারে।
তবে মঙ্গলবার রাতে কারওয়ান বাজারে মুরগি নিয়ে আসা ট্রাকের সংখ্যা অনেক কম ছিল বলে দাবি করেন কারওয়ান বাজারের বিএম ব্রয়লার হাউসের মালিক মো. মানিক মিয়া। তিনি বলেন, সরবরাহ কম থাকলেও দামে প্রভাব পড়েনি।