
টানা হরতাল-অবরোধে বিপাকে পড়েছেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিকারকেরা। একই কারণে বাজারে দাম কমে যাওয়ায় জেলার চিংড়িঘেরের মালিক ও কয়েকটি কৃষিপণ্যের উৎপাদনকারী কৃষকেরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ী, কৃষক ও চিংড়িঘেরের মালিকদের সঙ্গে কথা বলে এবং স্থানীয় বাজার যাচাই করে এ তথ্য পাওয়া গেছে।
বিএনপি-জামায়াতে ইসলামীসহ ২০-দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের মধ্যে ভোমরা স্থলবন্দর এখন পুরোদমে চালু আছে। এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে যেমন ভারতে পণ্য রপ্তানি হচ্ছে, তেমনি ভারত থেকেও বাংলাদেশে পণ্য আসছে। তবে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হলেও ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। অবরোধের শুরুর দিকে এই খরচ প্রায় দ্বিগুণ বেড়েছিল।
ব্যবসায়ী ও ট্রাকচালকেরা আলাপকালে প্রথম আলোকে জানান, আগে ভোমরা বন্দর থেকে ঢাকা পর্যন্ত এক ট্রাক পণ্য পাঠাতে ২৫ হাজার টাকার মতো খরচ হতো, যা হরতাল-অবরোধের কারণে বেড়ে একপর্যায়ে ৪৫ হাজার টাকা হয়েছিল। এখন অবশ্য ৩৫ হাজার টাকায় নেমে এসেছে। আর চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ৩৫ থেকে ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৬০ টাকায় উঠেছিল। এখন কিছুটা কম হলেও আগের পর্যায়ে নামেনি।
ট্রাকচালক সোলায়মান বললেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক চালাই। তা ছাড়া আগুন দিলে মালিকের তো পুরোটাই লস। এ কারণে ভাড়া বেড়েছে।’
ভারত থেকে ফল আমদানিকারক জসিমউদ্দিন আহমেদ জানান, পণ্য পরিবহনে খরচ বৃদ্ধির কারণে লোকসানটা তাঁদের ওপর দিয়েই যাচ্ছে। কেননা সারা দেশে হরতাল-অবরোধের কারণে সবকিছুরই বিক্রি কমেছে। ফলের দাম খুচরা বাজারে তেমন বাড়েনি। বলা যায়, আগের মতোই আছে।
ভোমরা স্থলবন্দরের তথ্যমতে, প্রতিদিন ভারত থেকে গড়ে সাড়ে তিন শ ট্রাক পণ্য আসছে। স্বাভাবিক সময়ের চেয়ে বরং এটা বেশি। হরতাল-অবরোধে কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এ বন্দরের ওপর চাপ বেশি পড়েছে।
সাতক্ষীরা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার চিংড়ি বিদেশে রপ্তানি হয়। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ঘেরমালিকদের কাছ থেকে কম দামে মাছ কিনছেন। দেখা গেছে, প্রতি মণ মাছের দাম গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা কমেছে। ২০টি চিংড়িতে এক কেজি হয়, এমন আকারের প্রতি কেজি মাছের দাম অন্য সময় এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হতো। এবার তা সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আগে কেজিপ্রতি দাম ৭৫০ টাকা ছিল, এমন মাছ এখন বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।
সাতক্ষীরা জেলায় এবার ৬৬ হাজার ৭৩৫ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৬ মেট্রিক টন।
চিংড়িচাষি শামীম হাসান প্রথম আলোকে বলেন, অবরোধ-হরতালের কারণে দাম কিছুটা কমার কথা। কেননা পরিবহন খরচ বেড়েছে। তবে এর পেছনে মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে। তারা হরতাল-অবরোধকে অজুহাত করে দাম বেশি কমিয়ে দিয়েছে।
কৃষিজাত পণ্যের মধ্যে তিন ধরনের কুল ও পটল এ জেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কুল-পটল দুটির দামই কমে গেছে। স্বাভাবিক সময়ে যে কুল বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ৩০ টাকায়।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান প্রথম আলোকে বলেন, কৃষিপণ্য ও মাছ পচনশীল। এগুলো রাখা যায় না, দ্রুত নির্দিষ্ট জায়গায় পাঠাতে হয়। তাই বাড়তি পরিবহন খরচ পুষিয়ে নিতে ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে পণ্য কেনেন। এ কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।