পরিবহন সংকটে রাবারের তৈরি কাঁচামাল আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান হরতাল-অবরোধের কারণে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বাশিউক) ও ব্যক্তিমালিকানাধীন বাগানে রাবারের উৎপাদিত কাঁচামাল আটকে পড়েছে।
শুধু বাশিউকের বাগানেই আটকা পড়েছে প্রায় ৫০০ টন রাবার। গুদামে স্থানসংকুলান হচ্ছে না। সময়মতো প্রক্রিয়াজাত করা সম্ভব না হওয়ায় রাবারের গুণগত মান কমছে। গুণগত মান কমায় দামও কমে যাবে। এতে আর্থিক লোকসানের মুখে পড়ছে রাবারবাগানগুলো।
বাশিউক ও ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন রাবারবাগান সূত্রে জানা গেছে, চলমান হরতাল-অবরোধের কারণে বাশিউকের চারটি ও মৌলভীবাজার জেলায় ব্যক্তিমালিকানাধীন আটটি রাবারবাগানে প্রায় দুই মাসের উৎপাদিত কাঁচামাল আটকে আছে। পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় উৎপাদিত কাঁচামাল বিক্রয়কেন্দ্রে পাঠানো যাচ্ছে না। ক্রেতারাও বাগানে আসতে পারছেন না। বাগানের গুদামে কাঁচামালের স্তূপ জমা হচ্ছে। এই কাঁচামালের মধ্যে আছে রাবারের কষ, রাবারের শিট, কাপলাম ও ব্যান্ডেল। এই রাবার দিয়ে টায়ার, জুতাসহ বিভিন্ন ধরনের রাবারের পণ্য তৈরি হয়ে থাকে।
বন শিল্প করপোরেশনের ভাটেরা সরকারি রাবার বাগানের সহব্যবস্থাপক (মাঠ) আপ্তাব উদ্দিন চৌধুরী গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাগানে প্রায় তিন কোটি টাকার কাঁচামাল জমা আছে। আমরা বান্ডেল করে বিক্রয়কেন্দ্রে কাঁচামাল পাঠিয়ে থাকি। কিন্তু তা পাঠানো যাচ্ছে না। গুদামে পড়ে থেকে গুণগত মান নষ্ট হচ্ছে। অনেক দিন থাকলে মান একেবারেই নষ্ট হয়ে যাবে।’ তিনি আরও জানান, ভাটেরা রাবারবাগানে প্রায় ২২৫ টন রাবারের কাঁচামাল জমা হয়ে আছে। প্রতিদিন উৎপাদন বাড়ছে এবং তা জমা হচ্ছে।
সাধারণত ঢাকার মিরপুরে বন শিল্প উন্নয়ন করপোরেশনের নিজস্ব বিক্রয়কেন্দ্রে এসব কাঁচামাল বাগান থেকে সরাসরি পাঠানো হয়। কিন্তু হরতাল-অবরোধের কারণে কাঁচামাল পাঠানো ও বিক্রি করা যাচ্ছে না। এতে করে বাগানটি আর্থিক সংকটে পড়েছে। তহবিলসংকট দেখা দেওয়ায় ভাটেরা রাবারবাগানের কর্মচারীদের বেতন-ভাতা অনিয়মিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আবার কাঁচামালের গুণগত মান ১ থেকে ২, ২ থেকে ৩ নম্বর স্তরে নেমে গেলে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা দাম কমে যেতে পারে।
একইভাবে বাশিউকের আওতাধীন শ্রীমঙ্গলের সাতগাঁও রাবারবাগানে ৬০ টন, হবিগঞ্জ জেলার বাহুবলে রুপাইছড়া রাবারবাগানে ১৩০ টন এবং মাধবপুরের শাহজীবাজার রাবারবাগানে ৭০ টন কাঁচামাল জমা আছে।
আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত রাবার বেশি উৎপাদন হয়ে থাকে। আর যেখানে সপ্তাহে একটি বাগান থেকে তিনবার কাঁচামাল সরবরাহ হতো এখন একবারও হতে পারছে না। ট্রাকে পণ্য ওঠানামা করা এবং তা পাঠানোর সুযোগ নেই। এখন প্রতি কেজি রাবারের মূল্য ১৫০ থেকে ২০০ টাকা বলে জানা গেছে।
একই অবস্থা বিরাজ করছে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা-বাগান এলাকায় গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধীন রাবারবাগানগুলোতেও। পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় রাবারের জন্য উৎপাদিত কষ (লেটেক্স) বিক্রি করা সম্ভব হচ্ছে না। মৌলভীবাজার জেলার রাজনগর টি-স্টেটের অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রির রাবার প্রকল্পের ব্যবস্থাপক বজলুর রশীদ খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রায় ১০ থেকে ১২ মেট্রিক টন রাবারের লেটেক্স (কষ) আটকেছে। প্রতি কেজি কষের বাজারমূল্য ৬০ টাকা। এতে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের কষ আটকা পড়েছে।’ ব্যবস্থাপক জানান, রাবারগাছ থেকে কষ সংগ্রহের পর কষকে প্রক্রিয়াজাত করতে হয়। আবার কষ সংগ্রহের পর বাইরে থেকে ব্যবসায়ীরা এসে তা নিয়ে যান। কিন্তু অবরোধের কারণে ব্যবসায়ীদের কেউ আসতে পারছে না।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাশিউক রাবার বিভাগ, সিলেট জোনের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সহব্যবস্থাপক (মাঠ) মাহমুদা জেসমিন প্রথম আলোকে বলেন, দরপত্রের মাধ্যমে কিছু রাবার বিক্রি হচ্ছে। কিন্তু ট্রাক যেতে পারছে না। দুই মাস ধরে এ অবস্থা। গুদামেও জায়গা হচ্ছে না। কারখানায় রাখতে হচ্ছে।
অবশ্য বাশিউক রাবার বিভাগ সিলেট জোনের মহাব্যবস্থাপক আবদুল হালিম সরকার প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়। অবরোধ শেষ হলেই জমে থাকা রাবার পাঠিয়ে দেওয়া হবে।