সাংবাদিকদের চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
পরিবহনসুবিধা বাড়ালে প্রতিবেশী দেশের পণ্য ওঠানো-নামানো সম্ভব
চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুবিধা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর পণ্য ওঠানো-নামানো সম্ভব হবে বলে মনে করেন বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম। এ জন্য বন্দর থেকে প্রতিবেশী দেশগুলোতে কনটেইনার পরিবহনে অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করতে হবে।বন্দর ভবনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বন্দরের চেয়ারম্যান এই মত প্রকাশ করেন। সভায় তিনি বন্দরের পরিচালন কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প ও অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন। গত ১৩ ফেব্রুয়ারি তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। মতবিনিময় সভায় বন্দরের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মো. নজরুল ইসলাম, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান, সদস্য (অর্থ) মোশাররফ হোসেন, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম ও পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার উপস্থিত ছিলেন।ট্রানজিট-সুবিধা চালু হলে কী পরিমাণ পণ্য সমুদ্রপথে পরিবহন করতে হবে তার একটি প্রাথমিক হিসাব দেন বন্দরের ট্রানজিটবিষয়ক উপকমিটি-১-এর সদস্য মো. নজরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক হিসাবে দেখা গেছে, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়া হলে প্রাথমিকভাবে বছরে দেশের ভেতর দিয়ে এক কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন হতে পারে। এর মধ্যে এক কোটি ৬০ লাখ টন পণ্য স্থলপথে ও ২০ লাখ মেট্রিক টন সমুদ্রপথে মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হতে পারে। পর্যায়ক্রমে পণ্য পরিবহনের হার বাড়বে ১০ থেকে ১২ শতাংশ। নেপাল ও ভুটানের পণ্য মংলা বন্দর দিয়ে পরিবহন করা হলেও ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের পণ্য পরিবহন চট্টগ্রাম বন্দর দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি বলে তিনি জানান। এম এ ইসলাম বলেন, প্রতিবছর প্রতিবেশী দেশগুলোর কনটেইনার পরিবহন বাড়লেও কোনো সমস্যা হবে না। কারণ, ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতার এনসিটি জেটি পুরোদমে চালু হলে এই বাড়তি কনটেইনারের ওঠানামা সম্ভব হবে। তবে বন্দরে এসব বাড়তি কনটেইনারের ওঠানামা হলে তা বন্দর থেকে প্রতিবেশী দেশগুলোতে পরিবহনের জন্য সুযোগ তৈরি করতে হবে। এম এ ইসলাম আরও বলেন, বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। তবে স্বল্প মেয়াদে আন্তর্জাতিক মানের অপারেটর দিয়ে এনসিটি চালু, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) চালু এবং কর্ণফুলী কনটেইনার টার্মিনাল প্রকল্প শেষ করা গেলে আঞ্চলিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ বাড়বে।চেয়ারম্যানের মতে, পানগাঁওয়ে বেসরকারি কনটেইনার ডিপো চালু হলে নদীপথে কনটেইনার পরিবহনের সুযোগ তৈরি হবে। তখন ঢাকাগামী কনটেইনার পরিবহনে অনেক সমস্যা দূর হবে। এ ছাড়া বন্দরে শ্রম অসন্তোষ নিরসন, দরপত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, জেটি ও বহির্নোঙরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান বন্দরের চেয়ারম্যান।