পরিবার সঞ্চয়পত্র আবার বিক্রি শুরু
সরকার গতকাল বুধবার থেকে আবার ফ্যামিলি সেভিংস সার্টিফিকেট বা পরিবার সঞ্চয়পত্র বিক্রি করতে শুরু করেছে।এখন থেকে সারা দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সব ব্যুরোতে ১০ হাজার টাকা, ২০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, এক লাখ টাকা, দুই লাখ টাকা ও পাঁচ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনতে পাওয়া যাবে। খবর ইউএনবির।জাতীয় পরিচয়পত্রধারী ১৮ বছরের বেশি বয়সী যেকোনো মহিলা সর্বোচ্চ ৩০ লাখ টাকার পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে পরিবার সঞ্চয়পত্রের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি পাঁচ-ছয়টি পরিবার সঞ্চয়পত্র বিক্রিও করেন।দেশে নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে মতিয়া চৌধুরী বলেন, এ ক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্র হতে পারে তাঁদের জন্য মূলধন সংগ্রহ ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপায়বিশেষ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব নাসির উদ্দিন আহমেদ। আইআরডির যুগ্ম সচিব বেগম শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মাহমুদা আখতার।পরিবার সঞ্চয়পত্রে মাসিকভিত্তিতে মুনাফা দেওয়া হয়। ১৯৯৭ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম এটি চালু করা হয়। কিন্তু ২০০২ সালের ১ জুলাই সরকার এটি প্রত্যাহার করে নেয়।তবে বর্তমান সরকার ২০০৯ সালের ১৮ নভেম্বর পরিবার সঞ্চয়পত্র পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।