পরিবারভিত্তিক উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফের নতুন কর্মসূচি
টেকসই দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘পরিবারভিত্তিক সমন্বিত উন্নয়ন: একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা’ শীর্ষক একটি ‘দিশারী কর্মসূচি’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।প্রাথমিকভাবে দেশের সাতটি বিভাগের ২১টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির উদ্দেশ্য হলো, দরিদ্র পরিবারগুলোর বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং একই সঙ্গে তাদের সম্পদ বৃদ্ধি এবং অন্যান্য সম্ভাবনাময় কর্যক্রম গ্রহণের বিষয় নিশ্চিত করা।এ উপলক্ষে ঢাকায় পিকেএসএফ ভবনে সম্প্রতি ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সভায় পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতিত্ব করেন। এতে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ফজলুল কাদের, প্রশাসন মহাব্যবস্থাপক জসীম উদ্দিন এবং কর্মসূচি বাস্তবায়ন ইউনিটের প্রধান উপমহাব্যবস্থাপক (কার্যক্রম) মশিয়ার রহমান ও পরামর্শক মোশাররফ হোসেন খান উপস্থিত ছিলেন। এ ছাড়াও পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।সভায় স্থানীয় সরকার প্রতিনিধিরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা সবিস্তারে তুলে ধরেন এবং কীভাবে তা সমাধান করা সম্ভব, সে বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।