পরিবেশ ও সমাজের ক্ষতি করে কোনো ব্যবসা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নরডি​েস্কর ভাইস প্রেসিডেন্ট সুসান স্ট্রোমার l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নরডি​েস্কর ভাইস প্রেসিডেন্ট সুসান স্ট্রোমার l প্রথম আলো

যেকোনো ব্যবসার উদ্দেশ্যই হলো মুনাফা করা। তবে ব্যবসায়িক মুনাফা যেন পরিবেশ, সমাজ ও অর্থনীতিকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত না করে, সেটাও করপোরেট প্রতিষ্ঠানকে মাথায় রাখতে হবে। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নভো নরডিস্ক এ তিনটি বিষয় মাথায় রেখেই কাজ করছে।
বিশ্বের বড় ইনসুলিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেনমার্কের নভো নরডিস্কের ভাইস প্রেসিডেন্ট ও চিফ সাসটেইনিবিলিটি কর্মকর্তা সুসান স্ট্রোমার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
‘বাংলাদেশে তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ’ শীর্ষক এক সম্মেলনে যোগ দিতে সুসান স্ট্রোমার ঢাকা সফরে রয়েছেন। গতকাল এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাক্ষাৎকার দেন। তিনি অবশ্য এক সংবাদ সম্মেলনেও মিলিত হন।
বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রসঙ্গে সুসান স্ট্রোমার বলেন, ‘নভো নরডিস্ক শুধু ডায়াবেটিসের প্রতিষেধক ইনসুলিন প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান নয়। ডায়াবেটিস বিষয়ে সচেতনতা তৈরিতে চিকিৎসক, রোগী, রাষ্ট্র—এ তিন পক্ষকে নিয়ে কাজ করছি আমরা। এ জন্য “ট্রিপল বটম লাইন” কৌশল নিয়েই কাজ করছি আমরা।’
বিষয়টির ব্যাখ্যা করে স্ট্রোমার বলেন, ‘একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে থাকি। এ সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে লাভজনক কি না, এর ফলে সমাজ ও পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কি না—এ তিনটি বিষয়কে আমরা একত্রে বলছি ট্রিপল বটম লাইন। এভাবে ব্যবসার মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি আমরা।’
দেশে ডায়াবেটিস রোগের বর্তমান অবস্থা সম্পর্কে স্ট্রোমার বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখ। এর মধ্যে ৩০ লাখ লোকই জানেন না তাঁরা ডায়াবেটিসে ভুগছেন। ডায়াবেটিস রোগটি হলো একটি গোপন সুনামির মতো, এর ক্ষতিটা অনেক সময়ে আগে থেকে বোঝা কঠিন হয়ে পড়ে। মানুষকে এ বিষয়ে সচেতন করা তাই খুব গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইনসুলিন বাজারে নভো নরডিস্কের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জবাব দেন প্রতিষ্ঠানটির এদেশীয় ব্যবস্থাপনা পরিচালক রাজন কুমার। তিনি বলেন, ‘দেশের মোট ইনসুলিন বাজারের ৮০ শতাংশ আমাদের দখলে। এ দেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে আমরা তিন ধরনের ইনসুলিন বাজারজাত করি। এর ফলে রোগীরা মাত্র ১০ থেকে ১২ টাকা খরচ করেই আমাদের ইনসুলিন ব্যবহার করতে পারেন, আবার বেশি দামের ইনসুলিনও কিনতে পারেন।’
বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম প্রসঙ্গে সুসান স্ট্রোমার বলেন, বাংলাদেশে ৫০ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে নভো নরডিস্ক। দেশীয় ওষুধ কোম্পানি এসকেএফের সঙ্গে যৌথভাবে টঙ্গীতে একটি ইনসুলিন কারখানা স্থাপন করা হয়েছে।
সুসান স্ট্রোমার নভো নরডিস্কে কাজ করছেন ২০০০ সাল থেকে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ডেনমার্কের মোট রপ্তানির প্রায় ৪ শতাংশ নভো নরডিস্কের দখলে। প্রতিষ্ঠানটিতে এখন বিশ্বব্যাপী কর্মরত রয়েছেন ৪০ হাজার মানুষ। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৫০ কোটি ডলার।