পরিবেশ খাতে বরাদ্দ কমেছে ৭৩১ কোটি টাকা
চলতি অর্থবছরের মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের হিসাবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বরাদ্দ বেশ কমেছে। গত ২০১৬-১৭ অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১ হাজার ৮৫০ কোটি টাকা। আর এবারের ২০১৭-১৮ অর্থবছরে তা ৭৩১ কোটি টাকা কমিয়ে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১১৯ কোটি টাকা। এ বছরের বাজেটে জলবায়ু তহবিল বাবদ নতুন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
তবে এবারের অর্থবছরে জলবায়ু খাতে বরাদ্দবিষয়ক একটি নতুন ধারণা বাজেটে দেওয়া হয়েছে। বাজেটে জলবায়ু সুরক্ষা ও উন্নয়নে সরকারের ছয়টি মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থবছরে মোট ১৪ হাজার ৬৩৩ কোটি টাকা ব্যয় করে বলে উল্লেখ করা হয়েছে। ওই মন্ত্রণালয়গুলোর উন্নয়ন বরাদ্দ থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত প্রকল্প ও কাজে এই অর্থ ব্যয় হবে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, এখন থেকে প্রতিটি বাজেটে জলবায়ু খাতে সরকারের ব্যয়ের এই হিসাব তৈরি করা হবে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের সঙ্গে ৮৭ পৃষ্ঠার একটি আলাদা প্রতিবেদন তৈরি করে জলবায়ু সুরক্ষা খাতে ওই বরাদ্দের হিসাব দেওয়া হয়েছে।