পরিবেশ রক্ষার্থে সিআরইএর সঙ্গে সম্পৃক্ত হলো সিটিসেল
বাংলাদেশে পরিবেশ রক্ষার্থে বেসরকারি মোবাইল কোম্পানি সিটিসেল সোসাইটি ফর কমিউনিটি হেলথ রিহ্যাবিলিটেশন এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের (সিআরইএ) সঙ্গে সম্পৃক্ত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সিআরইএ দেশজুড়ে স্বাস্থ্য, পরিবেশ ও অন্যান্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত রয়েছে। সিআরইএর সার্ভিসের মধ্যে উল্লেখযোগ্য হলো দেশে মাদকাসক্তদের চিকিত্সা ও পুনর্বাসন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশিক্ষণ প্রদান। সিটিসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সিটিসেলও বাংলাদেশের পরিবেশ রক্ষার্থে ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। এই উদ্দেশ্যে সিটিসেল সিআরইএকে পুরোনো সংবাদপত্র দেবে, যা কাগজের ব্যাগ তৈরিতে ব্যবহূত হবে। মাদকাসক্তদের মধ্যে যারা সুস্থ হয়েছে, তারা এই কাগজের ব্যাগ তৈরির কাজ করবেন। সমাজের অবহেলিত পর্যায় থেকে আবারও সুস্থ ও সম্মানজনক জীবনে তাঁদের ফিরিয়ে আনাতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।গতকাল রোববার মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ সিআরইএর সিইও তরুণ কান্তি গায়েনকে পুরোনো সংবাদপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তাসলিম আহমেদ ও সিআরইএর রিসোর্স তত্ত্বাবধায়ক কাজী রওশন আরা।