পরিবেশ রক্ষায় প্লানেট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ রক্ষায় প্লানেট ডেবিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্লানেট কার্ডধারী গ্রাহকেরা প্রতিবছর ২৫ টাকা করে অনুদান দেবেন। ব্র্যাক ব্যাংক সমপরিমাণ অর্থ যোগ করে ‘সবুজ তহবিল’ গঠন করবে। যেকোনো বাংলাদেশি নাগরিক মাত্র দুই হাজার টাকা জমা দিয়ে হিসাব খুললেই ব্র্যাক ব্যাংকের একটি প্ল্যানেট কার্ড সংগ্রহ করতে পারবেন। প্লানেট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই পৃথিবী সবার, এর রক্ষার দায়িত্ব আমাদের। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। মাহবুব হোসেন জানান, বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষায় ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্লানেট কার্ড প্রবর্তন করা হয়েছে। প্লানেট কার্ডের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ও এর গ্রাহকেরা হাতে হাত রেখে এই ধরিত্রীকে আরও সবুজ-শ্যামল করে তোলার বিষয়ে কাজ করবেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই পৃথিবীর মানুষ যা-ই করুক না কেন, তা পরিবেশের ওপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। ব্র্যাক ব্যাংকও যেকোনো কার্যক্রমে থ্রি পি (প্লানেট, পিপল ও প্রফিট) দর্শন মাথায় রেখে কাজ করে। তিনি জানান, থ্রি পি দর্শন থেকেই ব্র্যাক ব্যাংকের নতুন উদ্যোগ হলো প্লানেট কার্ড। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্লানেট কার্ডধারীদের দেওয়া অর্থে গঠিত তহবিল দিয়ে বর্জ্য-ব্যবস্থাপনা, বিনা মূল্যে চারা বিতরণ ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের অর্থায়নসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধ কার্যক্রমে ব্যয় করবে ব্র্যাক ব্যাংক। প্লানেট কার্ডধারী প্রত্যেক গ্রাহককে বেশকিছু সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে আছে: শীর্ষস্থানীয় রেস্তোরাঁয় বিশেষ মূল্য ছাড়, নির্দিষ্ট ফিলিং স্টেশনে মূল্য পরিশোধের সুবিধা, ব্র্যাক ব্যাংকের পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালের মাধ্যমে কেনাকাটা, ব্র্যাক ব্যাংকের সব এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থ উত্তোলন, ৩২টি ব্যাংকের অমনিবাস নেটওয়ার্কের আওতাধীন সব এটিএম বুথ ও রূপালী ব্যাংকের সব এটিএম বুথ ব্যবহারের সুযোগ ইত্যাদি।