পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন বাংলালিংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধু উপায়ে সিম নিবন্ধন জালিয়াতির ঘটনায় এমআর কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক। এমআর কমিউনিকেশনস ঢাকার মিরপুর অঞ্চলে বাংলালিংকের সিম কার্ড পরিবেশক প্রতিষ্ঠান। 

বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআর কমিউনিকেশনসের সিম জালিয়াতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অপারেটরটি অবগত আছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা দেবে বাংলালিংক। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পরিবেশক এমআর কমিউনিকেশনসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের পরে আরও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিষ্ঠান হিসেবে যেকোনো অনিয়মের বিষয়ে বাংলালিংকের নীতি ‘জিরো টলারেন্স’। সব পরিবেশক ও সহযোগী প্রতিষ্ঠানের বিষয়েও বাংলালিংক একই নীতি মেনে চলে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে র‍্যাব-৪-এর একটি দল পল্লবীর একটি রেস্তোরাঁ ভবনের সপ্তম তলায় এমআর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া তথ্য দিয়ে সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে আটক করে। এরপর গত শুক্রবার আটক ৬১ জনকে গ্রেপ্তার করে পল্লবী থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ভুয়া তথ্য ও ছবি-সংবলিত ৬৩০টি গ্রাহক নিবন্ধন ফরম, ১৮৬টি ভুয়া জাতীয় পরিচয়পত্রের প্রিন্ট কপি, ১৩৬টি মুঠোফোন, ৬টি ল্যাপটপ ও প্রিন্ট করা অসংখ্য ব্যক্তির ছবি উদ্ধার করা হয়।