পরিবেশ নিয়ে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা পরামর্শক সভা
পরিবেশদূষণ রোধে দুই মন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্য
দেশের বাস্তবতা বুঝে পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলে পরিবেশ ও বনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কঠোর ব্যবস্থা নিলে তা সরকারের জন্য ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত হবে বলে অনেকে মনে করতে পারেন।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের ওপর খাতওয়ারি আলোচনা করতে গিয়ে দুই মন্ত্রী এই পরস্পরবিরোধী বক্তব্য দেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত ‘টেকসই উন্নয়ন: পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থা’ শীর্ষক এ আলোচনা গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
দুই মন্ত্রীর এ বাহাসের সূত্রপাত হয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমেদের বক্তব্যের জের ধরে। বক্তব্যের একপর্যায়ে পরিবেশ দূষণ করে এমন তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্যা তুলে ধরেন তিনি। সচিব বলেন, পরিবেশদূষণকারী তৈরি পোশাক কারখানা মালিকেরা অত্যন্ত প্রভাবশালী। ব্যবস্থা নিতে গেলে আইন প্রয়োগকারী দলকে তাঁরা বলেন, বিদেশ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করেন। এসব কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
প্রভাবশালীদের কারণে বুড়িগঙ্গার আজ এ অবস্থা—এমন মন্তব্য করে কামাল উদ্দিন আহমেদ বলেন, পরিবেশ রক্ষা করতে না পারলে উন্নয়ন টেকসই করা সম্ভব নয়। এ জন্য আইন প্রয়োগকারী দলকে আরও ক্ষমতা দিতে হবে।
এ বক্তব্যের পরপরই পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষার বিদ্যমান আইনেই দূষণকারীদের ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া রয়েছে। আপনারা আইন বাস্তবায়ন করেন। এরপর পরিবেশ রক্ষার প্রকল্প নিয়ে আসেন, আমরা বরাদ্দ দেব।’
কিন্তু পরিকল্পনামন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, বাস্তবতা বুঝে কাজ করতে হবে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার সময় মাথা ঠান্ডা রাখতে হবে, ধীরে ধীরে এগোতে হবে।
উদাহরণ দিয়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পরিবেশদূষণকারী ইট প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অনেকে কথা বলতে পারেন। বলতে পারেন যে সরকার যে বিরাট উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, তা যাতে বাস্তবায়িত না হতে পারে, সে জন্যই পরিবেশ মন্ত্রণালয় ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নিয়েছে। কেননা সরকারের নির্মাণের কাজে বিপুল পরিমাণ ইটের প্রয়োজন হয়।
এ নিয়ে কোনো বিতর্ক করতে চান না জানিয়েও পরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা দৈনিক ৬৯২ একর কৃষিজমি হারাচ্ছি। ১০ বছরে হারিয়েছি ৫৬ হাজার একর কৃষিজমি। এ ক্ষতি কীভাবে পূরণ করা হবে? পুরো বিষয়টি পর্যালোচনা করা উচিত।’
এ প্রসঙ্গে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘বছরে কৃষিজমি হারাচ্ছি দুই শতাংশ করে। কিন্তু বঙ্গোপসাগরে আমরা আরেক বাংলাদেশ পাচ্ছি। ১৯৭২-৭৩ সালে যখন সিঙ্গাপুরে যেতাম, তখন সিঙ্গাপুরের আকার ছিল এখনকার চেয়ে অর্ধেক। সমুদ্র থেকে তারা বাকি ভূমি পেয়েছে।’
আলোচনা: সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা তুলে ধরেন জিইডি সদস্য শামসুল আলম।
শামসুল আলম বলেন, ২০২০ সালে দেশের বনভূমির পরিমাণ মোট ভূমির ২০ শতাংশে উন্নীত করা হবে। জোর দেওয়া হবে টেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠায়। এ ছাড়া এ খাতে সরকারি বিনিয়োগ আগামী পাঁচ বছরে ৫০ শতাংশের মতো বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম মনে করেন, সোলার পাম্প বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ কীভাবে এ প্রযুক্তি তৈরি করতে পারে, সে জন্য বুয়েটকে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজান খান বলেন, টেকসই উন্নয়নে বাংলাদেশ এখন পরীক্ষামূলক বিষয় (টেস্ট কেস)।
বুয়েটের শিক্ষক সারোয়ার জাহান বলেন, বড় বড় প্রকল্পে সংশ্লিষ্ট গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখা উচিত। এতে ভবিষ্যতে প্রকল্পগুলো টেকসই হবে।
এর আগে পঞ্চবার্ষিক পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হয়। এ আলোচনার মূল প্রবন্ধে বলা হয়, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে (২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছর) ১২ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার।
এ আলোচনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় ৫০০ কোটি ডলারে উন্নীত করতে চাই। বর্তমানে এ খাত থেকে ৪০ কোটি ডলার হয়।’
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আলাদা মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রামের প্রতিটি বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকার লক্ষ্য থাকা উচিত। মোবাইল নেটওয়ার্ক দিয়ে ফেসবুক চালানো যাবে। কিন্তু তা অর্থনীতিতে কোনো ভূমিকা রাখবে না।