পরিবেশদূষণে সারচার্জ বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব উৎপাদন ও পণ্য নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে সারচার্জ বসানো হচ্ছে।কোনো প্রতিষ্ঠানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে ১ শতাংশ হারে এই সারচার্জ বসানো হতে পারে।

উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন ডাইং কারখানার মালিক এক কোটি টাকার রং করা কাপড় বিক্রি করতে চান। কিন্তু কারখানায় শিল্পবর্জ্য শোধনাগার না থাকলে তাঁকে দর হাঁকতে হবে এক কোটি এক লাখ টাকা। কেননা এক কোটি টাকা বিক্রয়মূল্যের ওপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে, যার পরিমাণ হবে এক লাখ টাকা৷ আর বিক্রেতা হিসেবে ওই টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেবেন তিনি৷

তবে যেসব শিল্প-কারখানায় শিল্পবর্জ্য শোধনাগার আছে, সেই শিল্পমালিক একই ধরনের একই পরিমাণ পণ্য এক কোটি টাকায় বিক্রি করতে পারবেন৷ ওই মালিকের ওপর সারচার্জ আরোপ করা হবে না।

এভাবেই পরিবেশ দূষণকারী শিল্প-কারখানাগুলোকে সারচার্জের আওতায় আনা হচ্ছে৷ অবশ্য এতে ওই প্রতিষ্ঠানের পণ্যের দাম বাড়বে আর প্রাথমিকভাবে বাড়তি দামও আদায় হবে ক্রেতার কাছ থেকেই৷ এ জন্য ক্রেতা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন৷

কিন্তু একই সঙ্গে দূষণকারী শিল্প-কারখানা বা প্রতিষ্ঠানের প্রতিযো​িগতা-সক্ষমতা কমে যাবে। কেননা, বাড়তি দাম দিয়ে বাজার ধরে রাখা কঠিন হবে৷ ফলে একপর্যায়ে বাধ্য হয়েই বর্জ্য শোধনাগার (ইটিপি) বসাতে হবে৷

এ রকম চিন্তাভাবনা থেকে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ ধরনের প্রস্তাব করতে যাচ্ছে এনবিআর। আর উৎসে মূল্য সংযোজন কর (মূসক) যেভাবে কর্তন করে বিক্রেতা রাষ্ট্রের কোষাগারে জমা রাখেন, সেভাবেই সারচার্জ আদায়ের প্রক্রিয়া হবে৷ তবে যেসব প্রতিষ্ঠানের ইটিপি রয়েছে, তাদের ওপর এই সারচার্জ আরোপ করা হবে না৷

অবশ্য এই সারচার্জ দিয়ে দূষণকারী শিল্প-কারখানার মালিকেরা দিনের পর দিন পার পেয়ে যাবেন কি না, সে প্রশ্নও থেকে যাচ্ছে৷

মূলত পরিবেশ অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নিয়েছে এনবিআর। দুই বছর আগে পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ করে এমন প্রতিষ্ঠানকে বাড়তি করারোপের প্রস্তাব করেছিল। এ ছাড়া পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বিষাক্ত বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার দাবি জানিয়ে আসছে৷

এনবিআর সূত্রে জানা গেছে, মূলত অর্থমন্ত্রীর আগ্রহেই এ ধরনের সারচার্জ আরোপ করা হচ্ছে। অর্থমন্ত্রী নিজেই একসময় পরিবেশ আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন৷

এ ছাড়া ২০১১-১২ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ইটিপির যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। ইটিপির জন্য যেসব রাসায়নিক পণ্য আমদানি করতে হয়, তাতেও আমদানি শুল্ক নেই। এ ছাড়া ইটিপি আমদানির জন্য সহজ শর্তের ঋণ গ্রহণেরও সুযোগ রয়েছে। মূলত চামড়া ও তৈরি পোশাকশিল্পে বেশি শিল্পবর্জ্য নির্গত হয়।

জানা গেছে, বস্ত্র খাতের ডাইং, ওয়াশিং ও প্রিন্টিং কারখানার জন্য ঘণ্টায় এক লাখ লিটার পানি পরিশোধনের জন্য ভালো মানের একটি ইটিপি বসাতে কম-বেশি পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে হয়৷ এর জন্য প্রায় ২০ শতাংশ জায়গা প্রয়োজন৷

তৈরি পোশাক মালিক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ রপ্তানিকারক সমিতির বর্তমান সভাপতি সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘সারচার্জ আরোপ করে পরিবেশদূষণ রোধ তথা সচেতনতা খুব একটা বাড়ানো যাবে না৷ ইটিপি বসানোর মূল সমস্যা হলো জায়গার অভাব৷ কেননা কারখানাগুলোর আশপাশে আর পর্যাপ্ত জায়গা নেই।’ তিনি পরামর্শ দেন, সরকার নিজেই এলাকাভিত্তিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরি করতে পারে। সেই শোধনাগারের সঙ্গে ওই এলাকার কারখানাগুলোর সংযোগ করে দিতে হবে৷ এই শোধনাগার ব্যবহারের জন্য মাশুল আরোপ করতে পারে সরকার।

রাজধানী ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় বিপুলসংখ্যক শিল্প-কারখানা গড়ে উঠেছে। প্রতিদিনই এসব কারখানা থেকে শিল্পবর্জ্য নির্গত হয়৷ শিল্পবর্জ্য ফেলা হয় খাল-বিল ও নদীতে৷ এ কারণে পার্শ্ববর্তী এলাকায় জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে৷ এমনকি এই পানি ব্যবহারে ফলে মানুষের চর্মরোগ হয়৷

তবে চামড়া ও চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো থেকে সবচেয়ে বেশি বিষাক্ত বর্জ্য নির্গত হয়। বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদী বা খালে ফেলা হয়। ট্যানারি শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, সারা দেশে ২৪০টি ট্যানারি রয়েছে। এর মধ্যে রাজধানীর হাজারীবাগেই রয়েছে ২০৬টি ট্যানারি। এগুলোর মধ্যে ১৫৫টি ট্যানারিতে ইটিপি নেই।

এ ছাড়া দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক উৎপাদনের নানা পর্যায়ে শিল্পবর্জ্য তৈরি হয়, বিশেষ করে ডাইং কারখানাগুলোতে বিপুল বর্জ্য নির্গত হয়৷ ঢাকার আশপাশেই বড় আকারের দেড় শতাধিক ডাইং কারখানা রয়েছে।