পরিবেশবান্ধব এনওএফ প্রকল্প বাস্তবায়ন করবে অ্যাপোলো ইস্পাত

পরিবেশবান্ধব জার্মান প্রযুক্তির নন অক্সিডাইজিং ফারনেস (এনওএফ) প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে অ্যাপোলো ইস্পাত কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ফ্যাক্টরি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাপোলো ইস্পাতের উপব্যবস্থাপনা পরিচালক আবদুুর রহমান এ কথা বলেন।
আবদুুর রহমান বলেন, দেশের ঢেউটিনের বাজারের ২০ শতাংশ দখল করে আছে অ্যাপোলোর রানী মার্কা ঢেউটিন। অক্সিডাইজিং ফারনেস (এনওএফ) প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির উত্পাদন আরও ২৫ শতাংশ বেড়ে যাবে। এতে উত্পাদন খরচও কমে আসবে।
তিনি জানান, সম্প্রতি অ্যাপোলো ইস্পাতের ২২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত এই অর্থের মধ্যে ১৬৫ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ করা হবে। বাকি ৬৩ কোটি টাকা এনওএফ প্রকল্প বাস্তবায়ন কাজে ব্যয় করা হবে। প্রকল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে আমদানি করা হয়েছে, যা ২০১৪ সালের জুলাই নাগাদ বাণিজ্যিকভাবে উত্পাদনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে করপোরেট কর কমে যাবে। এ ছাড়া ব্যাংক ঋণ পরিশোধের পর বছরে প্রায় ৩০ কোটি টাকা সাশ্রয়ী হবে। ফলে প্রতিষ্ঠানে মোট আয় বেড়ে যাবে বলে মনে করেন তিনি।
এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস কে আবুল হাসান, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহির হোসেন, মহাব্যবস্থাপক হাসান এস হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যাপোলো ইস্পাত সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে অ্যাপোলো স্টিল মিলসের যাত্রা শুরু হয়। গ্রাহকের চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালে অ্যাপোলোর দ্বিতীয় লাইন চালু হয়। পরে ১৯৯৭ সালে দেশে সর্বপ্রথম কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন (সিজিএল) শুরু করে এই প্রতিষ্ঠান। নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্টে সম্পূর্ণ অত্যাধুনিক জাপানি প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু করে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। বর্তমানে অ্যাপোলো ইস্পাতের সিআই শিট উত্পাদন ক্ষমতা প্রায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কোল্ড রোল্ড কয়েল, গ্যালভানাইজড কয়েল ও শিট উত্পাদন করে থাকে।