পরিবেশবান্ধব কারখানা করবে লিবাস টেক্সটাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব নিট কম্পোজিট টেক্সটাইল কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে লিবাস টেক্সটাইল। এ জন্য নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সঙ্গে গত বুধবার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
লিবাসের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈর এলাকার নিশ্চিন্তপুর গ্রামে পাঁচ একর জায়গার ওপর কারখানাটি নির্মাণে শত কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। এতে দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।
পরিবেশবান্ধব কারখানা স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) হতে লিড সনদ নিতে হয়। এ জন্য পরামর্শ সেবা দিতে বিকেএমইএর সঙ্গে চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান আছে। তাদের পরামর্শ নিতেই মূলত সংগঠনের সঙ্গে চুক্তি করেছে লিবাস। বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি ও লিবাসের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।