পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রস্তুত করছে দেশি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিকভাবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করছে দেশের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, দিন দিন জনপ্রিয় হচ্ছে এসব সামগ্রী। তবে এসব নির্মাণসামগ্রী ব্যবহারে সচেতনতা বাড়াতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন তাঁরা।
শিল্পপ্রতিষ্ঠান কনকর্ড তৈরি করছে বেশ কিছু পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ইউনিটের জেনারেল ম্যানেজার সামির উদ্দিন আহমেদ জানান, পরিবেশের জন্য ক্ষতি করে না বা তৈরিতে পরিবেশের ক্ষতি হয় না এমন নির্মাণসামগ্রী তৈরি করছে কনকর্ড গ্রুপ। তাঁদের প্রতিষ্ঠান দেয়াল ও ছাদে ইটের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য নির্মাণ করছে হল ব্লক। বিভিন্ন ফুটপাতের মতো স্থানে ব্যবহারের জন্য তৈরি করছে পেভমেন্ট ব্লক। ছাদে ব্যবহারের জন্য তৈরি করছে রুফ টাইলস। মূলত ২০০০ সালের পর থেকে তারা এসব নির্মাণসামগ্রী তৈরি করে আসছে। এসব নির্মাণসামগ্রী ব্যবহারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সামির উদ্দিন আহমেদ বলেন, দিন দিন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ছে এবং সেই সঙ্গে এগুলোর বিক্রিও বাড়ছে। মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। অনেকে এসব নির্মাণসামগ্রী নিজেও কিনছেন আবার অন্যকেও ব্যবহারে উৎসাহ দিচ্ছেন। এতে এসব পণ্যের চাহিদা বাড়ছে।
মির সিরামিক তৈরি করছে বেশ কিছু পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাহনাওয়াজ বলেন, তাঁরা তিন ধরনের পরিবেশবান্ধব টাইলস তৈরি করছেন। এসবের মধ্যে রয়েছে ফ্লোর টাইলস, দেয়াল টাইলস ও স্টেয়ার টাইলস। ফ্লোর টাইলসের মধ্যে আবার রয়েছ পোর সিলিন টাইলস। দেয়াল টাইলসের মধ্যে রয়েছে সিরামিক ওয়াল টাইলস এবং স্টেয়ার টাইলসের মধ্যে রয়েছে পোর সিলিন স্টেয়ার টাইলস। এগুলো প্রতিটিই পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী। এগুলো তৈরিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করা হয় বলে তৈরিতে দূষণ হয় না। আবার তৈরি করা হয় পরিবেশসহায়ক সামগ্রী দিয়ে, তাই ব্যবহারের পর পরিবেশের ক্ষতি করে না। শাহনাওয়াজ জানালেন, তাঁদের পণ্যগুলো বেশ সাড়া ফেলতে পেরেছে। দিন দিন তাঁদের পণ্যের চাহিদা বাড়ছে।
একই রকম পরিবেশবান্ধব কিছু নির্মাণসামগ্রী তৈরি করছে মিরপুর ও খাদিম সিরামিক। এ প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। একটি হচ্ছে ঢাকায়, আরেকটি সিলেটে। প্রতিষ্ঠানটির ডেপুটি মার্কেটিং ম্যানেজার হানিফা জামান টিপু বলেন, তাঁরা পরিবেশবান্ধব যেসব ইট তৈরি করছেন, তাতে টপ সয়েল বা উর্বর মাটি ব্যবহার করা হয় না। ফলে তাঁরা কৃষি জমির উর্বর মাটি নষ্ট করছেন না। এ ছাড়া তাঁরা হল ব্লক, পেভমেন্ট, রুফ টাইলস, ওয়াল ক্রেডিং, পেভমেন্ট টাইলস তৈরি করছেন, যা শতভাগ পরিবেশবান্ধব। তাঁরা বিভিন্ন স্থানে টাইলস লাগানোর জন্য একধরনের বিশেষ আঠাজাতীয় দ্রব্য তৈরি করছেন; যা টাইলএডেসিভ নামে পরিচিত। সাধারণত টাইলস লাগানোর জন্য সিমেন্ট ব্যবহার করা হয়। কিন্তু তাঁদের নির্মিত আঠা সিমেন্টের চেয়ে আরও শক্তিশালী বলে দাবি করেন তিনি। তাঁদের দুটি কারখানাই পরিবেশবান্ধব উপায়ে পণ্য নির্মাণ করে বলে জানান তিনি।
পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরির সরকারি প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই)। কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের তৈরি করা নির্মাণসামগ্রী ব্যবহার করছে না। এ বিষয়ে সরকারের শিক্ষা, স্বাস্থ্য, গণপূর্ত, সিটি করপোরেশনসহ ও আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হন নি। তবে কেউ কেউ বলছেন তাঁরা বিষয়টি দেখবেন।
পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরিতে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে মনে করেন এইচবিআরআই পরিচালক মোহাম্মদ আবু সাদেক। তিন বছর ধরে এইচবিআরআই পরিবেশবান্ধব নানা ধরনের সামগ্রী তৈরি করে আসছে। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ইট তৈরিতে মাটির ব্যবহার ২০২০ সালের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এ অবস্থায় দেশের প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করে অনেক ইতিবাচক ভূমিকা রাখছে।
আবু সাদেক আরও বলেন, ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরির কৌশল শেখাতে আগ্রহী। কেউ বাণিজ্যিকভাবে এসব পণ্য তৈরিতে আগ্রহী হলে আমরা প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারি।’