পরিবেশবান্ধব পুনঃ অর্থায়নে আরও ২৬ পণ্য
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব কারখানায় অর্থায়নের জন্য গঠিত পুনঃ অর্থায়ন তহবিলে আরও নতুন ২৬টি পণ্য যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
এর আগে ১৮টি পণ্যে এই পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হতো।
নতুন নির্দেশনায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির দক্ষ বা সাশ্রয়ী প্রযুক্তি, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প জ্বালানি তৈরিসহ বিভিন্ন পণ্যে দেওয়া ঋণের সর্বোচ্চ সীমাও ঠিক করে দেওয়া হয়েছে।
নির্ধারিত সীমা অনুযায়ী, নতুন যুক্ত হওয়া বৃহৎ আকারের বায়োগ্যাস কারখানায় দুই কোটি টাকা পর্যন্ত পুনঃ অর্থায়ন সুবিধা নিতে পারবেন উদ্যোক্তারা। একইভাবে পোলট্রি ও ডেইরিভিত্তিক বৃহৎ আকারের বায়োগ্যাস কারখানায়ও দুই কোটি, এক মেগাওয়াট ও তার বেশি ক্ষমতার সোলার কারখানা স্থাপনে ৩০ কোটি, সোলার কুকার সংযোজন কারখানায় দুই কোটি, সোলার ওয়াটার হিটার সংযোজন কারখানায় দুই কোটি এবং সোলার এয়ার হিটার অ্যান্ড কুলিং ব্যবস্থা সংযোজন কারখানায় তিন কোটি টাকা পর্যন্ত নেওয়া যাবে।
সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনে আট কোটি, বায়ুশক্তিচালিত বিদ্যুৎ উৎপাদন কারখানায় পাঁচ কোটি, শিল্প কারখানায় জ্বালানি সাশ্রয়ী লাইটিং ব্যবস্থা, দক্ষ ইলেকট্রনিক সামগ্রী, জ্বালানি দক্ষ বয়লার ইত্যাদি দ্বারা অদক্ষ সামগ্রী প্রতিস্থাপনে তিন কোটি, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অটো সেন্সরযুক্ত পাওয়ার সুইচ সংযোজন কারখানা স্থাপনে নেওয়া যাবে দুই কোটি, জ্বালানি দক্ষ উন্নত কুক স্টোভ কারখানায় দুই কোটি ও এলইডি বাতি বা টিউবলাইট সংযোজন কারখানায় তিন কোটি টাকা নিতে পারবেন উদ্যোক্তা।