পরিবেশবান্ধব প্রক্রিয়ায় চিংড়িপোনা উৎপাদন
কক্সবাজার সমুদ্র উপকূলে স্থাপিত ৪০টির বেশি হ্যাচারিতে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় চিংড়ির পোনা উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সারা দেশের চিংড়িঘেরে ভাইরাস আক্রান্ত হয়ে চিংড়ি মারা যাওয়ার প্রবণতা কমে আসবে। চাষিরাও লাভবান হবেন।সম্প্রতি কক্সবাজার শহরের একটি হোটেলে ‘চিংড়ির হ্যাচারিতে চিংড়ির পোনার উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব চিংড়ির পোনা উৎপাদনে উপকারী ব্যাকটেরিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ফিশটেক বিডি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় কক্সবাজার সদর, কলাতলী, বড়ছড়া; উখিয়ার ইনানী, সোনারপাড়া ও টেকনাফ সমুদ্র উপকূলে স্থাপিত ৪২টি হ্যাচারির প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় পরিবেশবান্ধব প্রক্রিয়ায় চিংড়ির পোনা উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করেন ব্লু অ্যাকোয়া ইন্টারন্যাশনালের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরসাদ, সহসভাপতি অমরণ রথ বনছুয়ী, ফিশটেক বিডির ব্যবস্থাপনা পরিচালক আতাউল করিম ভূঁইয়া, পরিচালক তারেক সরকার, ব্যবস্থাপক রফিউল হাসান চৌধুরী প্রমুখ। কক্সবাজারে স্থাপিত হ্যাচারিগুলোতে উৎপাদিত প্রায় ৮০০ কোটি পোনা দিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজারসহ সারা দেশে দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়ে আসছে। চিংড়ি রপ্তানি থেকে প্রতিবছর সরকারের আয় হয় প্রায় দুই হাজার কোটি টাকা।