পরিবেশবান্ধব ব্যাংকিং বিষয়ে বিআইবিএমে গবেষণা কর্মশালা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) সম্প্রতি ‘অ্যান ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন অব গ্রিন ইনিশিয়েটিভস অব বাংলাদেশ ব্যাংক’ তথা পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের বিষয়ে দিনব্যাপী এক গবেষণা কর্মশালা শেষ হয়েছে। এতে বিভিন্ন ব্যাংকের মোট ৩২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক শাহ মো. আহসান হাবীব এবং প্রভাষক মো. শহীদ উল্লাহ ও তাহমিনা রহমানের সমন্বয়ে প্রণীত একটি গবেষণাপত্র কর্মশালায় উপস্থাপন করা হয়।বিশ্বায়নের আলোকে দেশে পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা, সহায়ক বিভিন্ন আইনগত দিক ও বাজার পরিবেশ চিহ্নিতকরণ, বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংকের নানাবিধ পদক্ষেপ বাস্তবায়ন, চ্যালেঞ্জ চিহ্নিতকরণ প্রভৃতি ছিল এই গবেষণা কর্মশালার লক্ষ্য।বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী কর্মশালাটির উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ অতিথি আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।