কারখানার কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প স্থাপন করা এখন চ্যালেঞ্জ। এটি করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি তা পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে সাহায্য করবে। এ জন্য নীতি প্রণয়ন ও অর্থায়ন এবং ইনস্টিটিউট স্থাপন করতে হবে।
তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস এক্সেসরিজ ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের প্রদর্শনী গ্যাপেক্সপো-২০১৫-এর সমাপনী দিনে গতকাল শনিবার এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সেমিনারটির আয়োজন করে।
সমিতির সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন, অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ ফিরোজ ইকবাল ফারুক।
রাফেজ আলম চৌধুরী বলেন, তৈরি পোশাকের রপ্তানি ২০২১ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলারে নিয়ে যেতে হলে পশ্চাৎমুখী শিল্পকে সমানভাবে এগোতে হবে। এ জন্য গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের কারখানাগুলোকে পরিবেশবান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইইউর একটি প্রকল্পের অধীনে গবেষণাগার ও ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
বিজিএপিএমইএ, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের যৌথভাবে আয়োজিত গ্যাপেক্সপো গতকাল শেষ হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় ১৪তম ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ শীর্ষক প্রদর্শনী। সব মিলিয়ে তিনটি মেলায় দেশি-বিদেশি ৩০০ প্রতিষ্ঠান ৬৩২টি স্টলে অংশ নেয়।
আয়োজকেরা জানান, চার দিনের এই প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া গেছে। তিনটি মেলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। তাঁরা দেশি–বিদেশি বিভিন্ন স্টলের পণ্যসামগ্রী দেখেছেন। অনেকেই আবার নিজেদের চাহিদা অনুযায়ী ক্রয়াদেশ দিয়েছেন।