পরিবেশবান্ধব শিল্পের জন্য নতুন তহবিল হচ্ছে
পরিবেশবান্ধব রপ্তানিমুখী কারখানা স্থাপনে স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে ২০ কোটি ডলারের নতুন একটি তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক।
এই তহবিল থেকে তৈরি পোশাক ও চামড়া খাতের উদ্যোক্তারা কারখানা স্থাপনে কম সুদে ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তহবিলটি সম্পর্কে বিস্তারিত জানাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নতুন এই তহবিল গঠনের ঘোষণা দেন।
কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ‘টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
আতিউর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০ কোটি ডলারের নতুন তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তহবিলটি থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক ও চামড়াশিেল্প কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে।’
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ মালিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিজান আর খান প্রমুখ।