পরিবেশের ওপর প্রভাবও আর্থিক প্রতিবেদনে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক হিসাবসহ যাবতীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা-জবাবদিহি আনতে আর্থিক প্রতিবেদনের গুরুত্ব অপরিসীম।এ প্রতিবেদন প্রণয়নের মূল কাজটি করেন সনদপ্রাপ্ত হিসাববিদ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা (সিএ)। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ। উল্লেখ্য, তিনি এই প্রতিষ্ঠানের প্রথম নারী সভাপতি।প্রথম আলো: বলা হয়, বাংলাদেশে পর্যাপ্ত সিএ নেই, এটা কেন?পারভীন মাহমুদ: এটা সত্যি যে বাংলাদেশে পর্যাপ্ত সিএ নেই। ৪০ বছরে বাংলাদেশের অর্থনীতি যেমন অনেক বড় হয়েছে, বেসরকারি খাতের বিকাশ যেমন হয়েছে, তেমনি সেই তুলনায় পর্যাপ্ত সিএ দেশে না থাকলেও এখন ধীরে ধীরে তা বাড়ছে। সর্বশেষ গত বছর আমরা ১০০ জনের মতো নতুন সিএ পেয়েছি। কয়েক বছর আগেও বছরে ৫০ থেকে ৬০ জন সিএ পাস করতেন। বাংলাদেশে এখন প্রায় এক হাজার ৩০০ জন সিএ আছেন।প্রথম আলো: আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সিএদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?পারভীন মাহমুদ: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। তবে সিএদের কিছু চ্যালেঞ্জও রয়েছে। সিএরা বেসরকারি খাতের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে টেকসই উন্নয়নে কাজ করতে পারেন। আবার শুধু সিএদের দক্ষতা বাড়ালেই হবে না, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার, যেমন: বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সক্ষমতাও বাড়াতে হবে। অনেক ক্ষেত্রেই সিএদের দোষারোপ করা হয়। কিন্তু বাস্তবে তাঁদের কাজ করার কতটা সুযোগ দেওয়া হচ্ছে, তা-ও বিবেচনায় আনতে হবে। মনে রাখতে হবে, একটি কোম্পানির হিসাব-নিকাশ যথাযথভাবে উপস্থাপন করা এবং প্রণীত হিসাব বিবরণী হিসাববিজ্ঞানের স্বীকৃত মানদণ্ডের নিরিখে যাচাই করাই তাঁদের কাজ। সিএদের পেশাগত দক্ষতা বাড়াতে লেখাপড়ার মানোন্নয়ন ও মনমানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতামূলক কাজ করছে আইসিএবি। ভালো প্রতিবেদন তৈরি করতে কী কী বিষয় থাকা দরকার, এর প্রশিক্ষণও দেওয়া হয়। আইসিএবি আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে পারছে। তবে সরকারের উচিত আইসিএবিকে সহায়তা করা।প্রথম আলো: সেটা কীভাবে হতে পারে?পারভীন মাহমুদ: অনেকভাবেই হতে পারে, যেমন: সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে, আইনের পরিবর্তন হচ্ছে। এখন কোম্পানি আইন, মূল্য সংযোজন কর (মূসক) আইন ও আয়কর আইন ইত্যাদি নতুন করে প্রণয়ন কিংবা সংশোধনের ক্ষেত্রে আইসিএবির সঙ্গে আলোচনা করা উচিত।প্রথম আলো: হিসাবরক্ষণ ও নিরীক্ষণে বাংলাদেশ আন্তর্জাতিক মানে কতটা অগ্রসর হয়েছে?পারভীন মাহমুদ: আমরা এখন আঞ্চলিক মানে (দক্ষিণ এশিয়া) পৌঁছে গেছি। প্রতিবেদন তৈরি ও সিএদের সক্ষমতায় ঘাটতি নেই। তবে এ সক্ষমতার ব্যবহার কতটা সম্ভব হচ্ছে, তা অনুধাবন গুরুত্বপূর্ণ। আর আন্তর্জাতিক মান অর্জনে বড় চ্যালেঞ্জ হলো প্রাতিষ্ঠানিক উন্নয়ন। আবার কোনো প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে বিশেষায়িত সিএ তৈরি করতে হবে। নতুন সিএদের তথ্যপ্রযুক্তি ও ভাষাজ্ঞানে দক্ষতা বাড়াতে হবে। সময়ের সঙ্গে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনের ধরনেও পরিবর্তন আসছে। এ ধারায় এখন বাংলাদেশেও আর্থিক প্রতিবেদনে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর), ব্যবসায় টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত, এটাই সর্বোত্তম চর্চা। আমি আর্থিক প্রতিবেদন তৈরি করলাম, কিন্তু প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে পরিবেশের ওপর কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, তা-ও প্রতিবেদনে থাকা উচিত। ‘গ্রিন রিপোর্টিং’ নতুন একটি অধ্যায় সূচনা করতে পারে। শুধু বড় করপোরেট নয়, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেও আর্থিক প্রতিবেদনের আওতায় আনা উচিত।প্রথম আলো: হিসাবভিত্তিক কর আদায়ের ক্ষেত্রে সিএরা কী ভূমিকা রাখতে পারেন?পারভীন মাহমুদ: হিসাবপত্রের ভিত্তিতেই যৌক্তিকভাবে কর নিরূপণ ও আদায় করা উচিত। অনেক সময় রাজস্ব কর্মকর্তারা হিসাবের ভিত্তিতে করারোপ করেন না, যা ঠিক নয়। আর্থিক প্রতিবেদনের প্রতিফলনের ওপর করারোপে রাজস্ব বোর্ডের সক্ষমতা বাড়ানো উচিত। এ ক্ষেত্রে আইসিএবি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]