পরিমাণে বাড়লেও শতকরা হারে খেলাপি ঋণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ পরিমাণের দিক দিয়ে কিছুটা বাড়লেও শতকরা হারে বেশ খানিকটা কমেছে। জুন শেষে মোট খেলাপি ঋণ হয়েছে ২৩ হাজার ৩৭৮ কোটি ৯১ লাখ টাকা, যা এই সময়কালে মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৬৭ শতাংশ।২০০৯ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি ২৩ লাখ টাকা, যা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ২১ শতাংশ। অর্থাৎ, গত ছয় মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৮৯৬ কোটি ৬৮ লাখ টাকা।আবার চলতি বছরের মার্চ মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ সামগ্রিকভাবে কমেছে। মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২৩ হাজার ৫৯১ কোটি ৫২ লাখ টাকা। এটি সে সময় পর্যন্ত বিতরণ করা ঋণের ৯ দশমিক ৪১ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত সর্বশেষ জুনভিত্তিক ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদন তথ্যের সঙ্গে গত মার্চ ও ডিসেম্বর মাসের খেলাপি ঋণের তুলনা করে এসব তথ্য পাওয়া গেছে।তবে সাধারণভাবে বছরের প্রথম তিন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বাড়ে। বছর শেষে সার্বিকভাবে তা কমে আসে। কেননা ঋণ গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের ঋণ পরিশোধে যেমন উদ্যোগী হয়, তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের বার্ষিক হিসাব প্রকাশের আগে আদায় তত্পরতা বৃদ্ধি করে।চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় দুই লাখ ৬৯ হাজার ৫২৫ কোটি ৫১ লাখ টাকা। আর ডিসেম্বর শেষে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই লাখ ৪৩ হাজার ৯৭৭ কোটি ৬৭ লাখ টাকা।তবে জুনভিত্তিক হিসাবে দেখা যায়, নিট হিসাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ রয়েছে চার হাজার ১৯০ কোটি ৯৪ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের মাত্র ১ দশমিক ৬৭ শতাংশ। গত ডিসেম্বর শেষে যা ছিল তিন হাজার ৮৯২ কোটি ৯২ লাখ টাকা বা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ৭৩ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক মনে করে, মোট খেলাপি ঋণ থেকে সংরক্ষিত প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) ও স্থগিত সুদ (যা খেলাপিদের হিসাবে যুক্ত আছে) বাদ দেওয়ার পর প্রাপ্ত অঙ্কই প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ। এই হিসাবে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ এখন আন্তর্জাতিক সহনীয় মানের পর্যায়ে রয়েছে।জুন মাস শেষে ব্যাংক খাতে সংরক্ষিত প্রভিশন দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৯ কোটি ১৬ লাখ টাকা। আর স্থগিত সুদের পরিমাণ পাঁচ হাজার ৪৮ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ, মোট ১৯ হাজার ১৮৭ কোটি ৯৭ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মোট খেলাপি ঋণের হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব করেছে।বরাবরের মতো খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্র খাতের চার ব্যাংকেই সর্বাধিক। মোট হিসাবে এর পরিমাণ ১২ হাজার ৬৫ কোটি ৬৬ লাখ টাকা বা ২০ দশমিক ৫০ শতাংশ। ২০০৯ সাল শেষে ছিল ১১ হাজার ৭৪৬ কোটি ৯০ লাখ টাকা বা ২১ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ, ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা।বেসরকারি ৩০ ব্যাংকে মোট খেলাপি ঋণ ৩৩৫ কোটি টাকা বেড়ে হয়েছে ছয় হাজার ৫১১ কোটি ১৪ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৬৯ শতাংশ। গত ডিসেম্বর শেষে ছিল ছয় হাজার ১৭৬ কোটি ১৩ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৯২ শতাংশ।বিদেশি নয় ব্যাংকে মোট খেলাপি ঋণ ৪২ কোটি ২৬ লাখ টাকা বেড়ে হয়েছে ৩৯০ কোটি ৮৯ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২ দশমিক ৪১ শতাংশ। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩৪৮ কোটি ৬৩ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ২ দশমিক ২৭ শতাংশ।রাষ্ট্র খাতের চার বিশেষায়িত ব্যাংকে মোট খেলাপি ঋণ বেশ খানিকটা বেড়ে হয়েছে চার হাজার ৪১১ কোটি ২২ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ২৪ দশমিক ৬১ শতাংশ। ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল চার হাজার ২১০ কোটি ৫৭ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ২৫ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ পরিমাণের দিক থেকে গত ছয় মাসে এই বিশেষায়িত চার ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা।