পরিমাণে বাড়লেও শতকরা হারে খেলাপি ঋণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিমাণের দিক থেকে কিছুটা বাড়লেও শতকরা হারে চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেশ খানিকটা কমেছে।আবার পরিমাণে যে বেড়েছে তার বড় কারণ বেসরকারি খাতের দুটি ব্যাংক। এই দুই ব্যাংক বড় অঙ্কের খেলাপি ঋণের তথ্য গোপন করে গত বছরের শেষে এসব ঋণের মান ভালো দেখিয়েছিল। বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে গিয়ে ঋণগুলো শ্রেণীকরণ করে আসে। তাই এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এসে এসব ঋণ আবার খেলাপি হিসেবে দেখাতে হয়েছে। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বেড়েছে।তবে ২০০৯ সালের ডিসেম্বরের তুলনায় এ বছরের সেপ্টেম্বর মাসে এসে ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ বেড়েছে ৪০ হাজার কোটি টাকারও বেশি। ফলে বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাতে শতকরা বিবেচনায় খেলাপি ঋণ খানিকটা কমে এসেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ব্যাংক খাতে গত সেপ্টেম্বরের শেষে মোট খেলাপি ঋণ হয়েছে ২৪ হাজার ৮৮ কোটি ১৩ লাখ টাকা। এটি এ সময় পর্যন্ত বিতরণ করা দুই লাখ ৮৪ হাজার ২৯২ কোটি ৪৯ লাখ টাকার ৮ দশমিক ৪৭ শতাংশ। ২০০৯ সাল শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই লাখ ৪৩ হাজার ৯৭৭ কোটি ৬৭ লাখ টাকা। আবার চলতি বছরের গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল ২৩ হাজার ৩৭৮ কোটি ৯১ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৬৭ শতাংশ। ২০০৯ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি ২৩ লাখ টাকা বা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ২১ শতাংশ। আর ২০০৯ সালের সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৪০৯ কোটি ৫১ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ১০ দশমিক ৩৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতকৃত সর্বশেষ সেপ্টেম্বরভিত্তিক ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদন তথ্যের সঙ্গে গত জুন, ডিসেম্বর ও আগের বছরের সেপ্টেম্বর প্রান্তিকের খেলাপি ঋণের তুলনায় এ তথ্য পাওয়া গেছে। সাধারণভাবে বছরের প্রথম তিন প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা বাড়ে। বছর শেষে সার্বিকভাবে তা কমে আসে। কেননা, ঋণ গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের ঋণ পরিশোধে যেমন উদ্যোগী হয়, তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের বার্ষিক হিসাব প্রকাশের আগে আদায় তৎপরতা বৃদ্ধি করে।তবে এ বছর জুন থেকেই খেলাপি ঋণের হার ক্রমেই কমছে। যদিও পরিমাণের দিক থেকে সামান্য বৃদ্ধি অব্যাহত আছে।নিট খেলাপি ঋণ: এদিকে সেপ্টেম্বরভিত্তিক তথ্যে দেখা যায়, নিট হিসাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ রয়েছে চার হাজার ৩৩৪ কোটি ৭৯ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের মাত্র ১ দশমিক ৬৪ শতাংশ। এটি জুনভিত্তিক হিসাবে ছিল চার হাজার ১৯০ কোটি ৯৪ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের মাত্র ১ দশমিক ৬৭ শতাংশ। আর গত ডিসেম্বর শেষে যা ছিল তিন হাজার ৮৯২ কোটি ৯২ লাখ টাকা বা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ৭৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, মোট খেলাপি ঋণ থেকে সংরক্ষিত প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) ও স্থগিত সুদ (যা খেলাপিদের হিসাবে যুক্ত আছে) বাদ দেওয়ার পর প্রাপ্ত নিট অঙ্কই প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ। এই হিসেবে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে খেলাপি ঋণ অনেক দিন ধরেই আন্তর্জাতিকভাবে সহনীয় মানের পর্যায়ে রয়েছে।প্রভিশন চিত্র: বিধি অনুসারে বর্তমান খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বা সঞ্চিতি দরকার ১৫ হাজার ৯৬ কোটি ৪৭ লাখ টাকা। কিন্তু সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে সংরক্ষিত প্রভিশন দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০০ কোটি ৪২ লাখ টাকা। আর স্থগিত সুদের পরিমাণ পাঁচ হাজার ২৫২ কোটি ৯২ লাখ টাকা।অর্থাৎ দুইয়ে মিলে মোট ১৯ হাজার ৭৫৩ কোটি ৩৪ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মোট খেলাপি ঋণের হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব করেছে।গত জুন শেষে সংরক্ষিত প্রভিশন ১৪ হাজার ১৩৯ কোটি ১৬ লাখ টাকা এবং স্থগিত সুদ পাঁচ হাজার ৪৮ কোটি ৮১ লাখ টাকা মিলে মোট ১৯ হাজার ১৮৭ কোটি ৯৭ লাখ টাকা মোট খেলাপি ঋণের হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব হয়েছিল। ব্যাংকের ধরন: বরাবরের মতো খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্রায়ত্ত খাতের চার ব্যাংকেই সর্বাধিক। সেপ্টেম্বর শেষে মোট হিসাবে খেলাপি ঋণ হয়েছে ১২ হাজার ৭৮ কোটি ৮০ লাখ টাকা বা ১৯ দশমিক ৬৫ শতাংশ। জুন শেষে ছিল ১২ হাজার ৬৫ কোটি ৬৬ লাখ টাকা বা সাড়ে ২০ শতাংশ। ২০০৯ সাল শেষে ছিল ১১ হাজার ৭৪৬ কোটি ৯০ লাখ টাকা বা ২১ দশমিক ৩৮ শতাংশ।বেসরকারি ৩০ ব্যাংকে মোট খেলাপি ঋণ বেড়ে হয়েছে সাত হাজার ১৫৫ কোটি ৬৯ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৮২ শতাংশ। গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল ছয় হাজার ৫১১ কোটি ১৪ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৬৯ শতাংশ। গত ডিসেম্বর শেষে ছিল ছয় হাজার ১৭৬ কোটি ১৩ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৯২ শতাংশ। বিদেশি নয়টি ব্যাংকে মোট খেলাপি ঋণ হয়েছে ৪২৭ কোটি ৩৫ লাখ টাকা বা বিতরণ করা ঋণের আড়াই শতাংশ। গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল ৩৯০ কোটি ৮৯ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ২ দশমিক ৪১ শতাংশ। গত ডিসেম্বর শেষে ছিল ৩৪৮ কোটি ৬৩ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ২ দশমিক ২৭ শতাংশ।রাষ্ট্রায়ত্ত খাতের চারটি বিশেষায়িত ব্যাংকে মোট খেলাপি ঋণ হয়েছে চার হাজার ৪২৬ কোটি ২৯ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ২৩ দশমিক ৮৩ শতাংশ। গত জুনভিত্তিতে মোট খেলাপি ঋণ ছিল চার হাজার ৪১১ কোটি ২২ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ২৪ দশমিক ৬১ শতাংশ। ডিসেম্বর শেষে ছিল চার হাজার ২১০ কোটি ৫৭ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ২৫ দশমিক ৯১ শতাংশ।অনিয়ম: বেসরকারি খাতের দুটি ব্যাংক ২০০৯ সালে তাদের বড় অঙ্কের খেলাপি ঋণের তথ্য গোপন করে ভালো মান দেখায়। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে সেসব খেলাপি ঋণ আবিষ্কার করে। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক ৩৭৭ কোটি ২৫ লাখ টাকার খেলাপি ঋণকে ভালো মান দেখিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় তাদের দফায় দফায় ছাড় দেয়। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যায়ে ব্যাংকটিকে সময় দিলেও তারা সব ঋণকে ভালোমানের দেখাতে পারেনি। অগত্যা জুন ও সর্বশেষ সেপ্টেম্বর প্রান্তিকে তাদের খেলাপি ঋণ বেড়ে যায়।প্রিমিয়ার ব্যাংক তাদের ২০০৯ সালের হিসাবে ব্যাংকটিতে মোট ৬১ কোটি ৭৬ লাখ টাকা বা ১ দশমিক ৮৫ শতাংশ খেলাপি ঋণ রয়েছে বলে উল্লেখ করে। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল বিশেষ পরিদর্শনে ব্যাংকটির মোট ৪৩৯ কোটি ৪৯ লাখ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ ঋণকে খেলাপি হিসেবে শ্রেণীকরণ করে আসে। সর্বশেষ সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৮০ কোটি ৪১ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৬ দশমিক ৬৭ শতাংশ। এর আগে জুন প্রান্তিকে হয়েছিল ২০২ কোটি ২৯ লাখ টাকা বা ৪ দশমিক ৯৬ শতাংশ।একইভাবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল বেসরকারি সাউথইস্ট ব্যাংকে পরিদর্শন করতে গিয়ে বড় অঙ্কের কয়েকটি ঋণ মঞ্জুরি, বিতরণ, পুনঃতফসিল ও জামানতের বিপরীতে বড় ধরনের অনিয়ম খুঁজে পায়। তাৎক্ষণিকভাবে পরিদর্শক দল এমন প্রায় ২০০ কোটি টাকার ঋণ যা ব্যাংক বহু দিন ধরে ভালোমানের দেখিয়ে আসছিল, তা খেলাপি চিহ্নিত করে আসে। ২০০৯ সাল শেষে বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং প্রতিবেদনে সাউথইস্ট ব্যাংকের মোট খেলাপি ঋণ দেখানো হয় ২৮৯ কোটি ৩০ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৭৪ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ হয় ২৮৭ কোটি ৭৯ লাখ বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৪৪ শতাংশ। আর সর্বশেষ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছে ৫০৪ কোটি ৩৩ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ৫ দশমিক ৭৭ শতাংশ।