পরিমাপন বিষয়ে সহযোগিতা নিয়ে আজ থেকে ঢাকায় সভা
পরিমাপন বিষয়ের (মেট্রোলজি) ওপর আঞ্চলিক সহযোগিতা বাড়াতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ মঙ্গলবার শুরু হচ্ছে সার্ক-পিটিবির প্রথম সমন্বয় সভা।দুই দিনের এ সভায় সার্কভুক্ত আটটি দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) মনোনীত প্রতিনিধিরা অংশ নেবেন।বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই থেকে গতকাল সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোতে মান ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় জাতীয় মেট্রোলজি ইনস্টিটিউট ও আইনগত মেট্রোলজির মানসম্মত অবকাঠামো নির্মাণের লক্ষ্যে সার্ক-পিটিবির এ সভা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের সভায় আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছয়টি হবে কারিগরি অধিবেশন।উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ডেস্কের মহাপরিচালক সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার ও বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বক্তৃতা করবেন।