শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনাকারী সওদাগরি ব্যাংক বা মার্চেন্ট ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এ জন্য কমিশন কার্যক্রমভেদে মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর মূলধন বাড়ানোর প্রয়োজনে এসইসি ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা-১৯৯৬’ সংশোধনী আনতে যাচ্ছে। গতকাল সোমবার এসইসির নিয়মিত সভায় এই সংশোধনীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালার পরিবর্তিত সংশোধনীর বিষয়ে শিগগির জনমত সংগ্রহ করা হবে। সেই সব মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে। কমিশন বিধিমালায় যেসব সংশোধনের প্রস্তাব করেছে, সেগুলো হল: যেসব মার্চেন্ট ব্যাংক শুধু ইস্যু ব্যবস্থাপনার কাজ করে, তাদের পরিশোধিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে আড়াই কোটি টাকা করতে হবে। আর যেসব ব্যাংক ইস্যু অবলেখন বা আন্ডার রাইটিংয়ের কাজ করে, তাদের পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বাড়িয়ে সাড়ে ১২ কোটি টাকা করতে হবে।তবে যেসব মার্চেন্ট ব্যাংক পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, তাদের পরিশোধিত মূলধন বর্তমানের ১০ কোটি থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করতে হবে।কমিশন জানিয়েছে, ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান এসইসির সনদ নিয়েছে, তাদের বিধিমালা সংশোধনীর গেজেট প্রকাশের এক বছরের মধ্যে মূলধন বাড়ানোর শর্ত পূরণ করতে হবে।গতকালের সভায় তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিংকে অপর দুটি কোম্পানি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়। মিথুন নিটিং কোম্পানিটি যে দুটি কোম্পানি অধিগ্রহণ করার আবেদন করেছে, সেগুলো হলো টয়ও কম্পোজিট নিট গার্মেন্টস লিমিটেড ও পিউর কটন নিটওয়্যার লিমিটেড। অধিগ্রহণের জন্য মিথুন নিটিং ৬৬ লাখ ৬৬ হাজার ৫৮০টি নতুন শেয়ার ইস্যু করবে। এসব নতুন শেয়ারের ওপর তিন বছরের বিক্রি নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে। আবার গতকালের সভায় ওটিসি মার্কেটে স্থানান্তরিত কোম্পানি ম্যাক এন্টারপ্রাইজের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কোম্পানিটি ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়।