পরিশোধিত মূলধনের তুলনায় ১৬ ব্যাংকের স্থায়ী সম্পদ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের ১৩ ও রাষ্ট্রমালিকানাধীন তিনটি ব্যাংকের স্থায়ী সম্পদের পরিমাণ ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের বেশি। 

ব্যাংকগুলোর স্থায়ী বা স্থাবর সম্পদের পরিমাণ বিষয়ে গত সোমবার বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে, তার ভিত্তিতে হিসাবে এই ১৬ ব্যাংকের পরিশোধিত মূলধনের তুলনায় স্থায়ী সম্পদ বেশি থাকার তথ্য মিলেছে। ব্যাংকগুলোর ২০১১ সাল পর্যন্ত সম্পদের বুক ভ্যালু ও ২০১২ সালে কেনা সম্পদের ক্রয়মূল্য ধরে এই হিসাব তৈরি হয়েছে।

তবে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত হিসাব করা হলে প্রায় সব ব্যাংকেরই স্থায়ী সম্পদের পরিমাণ ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের অনেক ওপরে থাকবে।

নতুন বিধান অনুসারে এসব ব্যাংককে এখন আনুপাতিক হারে তার পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে হবে। যত দিন পর্যন্ত মূলধন না বাড়বে, তত দিন নতুন করে কোনো স্থাবর বা স্থায়ী সম্পদ আর ক্রয় করতে পারবে না ওই ব্যাংক। স্থায়ী সম্পদ বলতে বাংলাদেশ ব্যাংক জমি, ভবন বা ফ্লোর স্পেসকে নির্দিষ্ট করছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, রাষ্ট্র খাতে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধনের তুলনায় সর্বোচ্চ প্রায় ৪০৩ শতাংশ স্থায়ী সম্পদ রয়েছে। তারপর রয়েছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের পরিশোধিত মূলধনের তুলনায় স্থায়ী সম্পদ ১০০ শতাংশের বেশি। আর জনতা ব্যাংকের মূলধনের তুলনায় স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে ৭৪ শতাংশ।

বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের মূলধনের তুলনায় সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। ব্যাংকটি পরিশোধিত মূলধনের ৮৫ দশমিক ২৫ শতাংশের সমপরিমাণ অর্থের স্থায়ী সম্পদ রয়েছে। সিটি ব্যাংকের পরিশোধিত মূলধনের তুলনায় সম্পদ রয়েছে ৭৭ দশমিক ৮২ শতাংশ, উত্তরা ব্যাংকের ৭১ দশমিক ৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৬৯ দশমিক ৬২ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ৬৩ দশমিক ৭২ শতাংশ, ব্যাংক এশিয়ার ৫৮ দশমিক ৬২ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকের ৫৬ দশমিক ১২ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪৮ দশমিক ২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৩৩ দশমিক ৬৪ শতাংশ, যমুনা ব্যাংকের ৩৩ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ব্যাংকের ৩১ শতাংশ এবং প্রাইম ব্যাংকের পরিশোধিত মূলধনের তুলনায় ৩০ দশমিক শূন্য ৯ শতাংশের পরিমাণ টাকার স্থায়ী সম্পদ রয়েছে।

এসব ব্যাংককে পরিশোধিত মূলধন বাড়াতে হলে রাইট শেয়ার বা বোনাস শেয়ার ইস্যু করতে হবে। না হলে ব্যাংকগুলো আর নতুন করে কোনো স্থায়ী সম্পদ কিনতে পারবে না। মূলধন বৃদ্ধি ব্যাংকের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করে।